নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
কোনো দেশের রাজনৈতিক পটপরিবর্তনে কীভাবে বিশেষ পন্থার আশ্রয় নেওয়া হয়, তার মূল বিষয়বস্তু গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। সাধারণত কোনো রক্তপাতহীন ও শান্তিপূর্ণ গণ-আন্দোলনের মাধ্যমে এই ধরনের বিপ্লবের প্রক্রিয়া শুরু হয়ে থাকে। দীর্ঘদিন ধরে বিভিন্ন পাঠচক্র কিংবা নানাবিধ ছদ্মাবরণে বিদেশি বা পশ্চিমা শক্তিগুলোর কাছ থেকে অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি করা হয়। এই ছদ্মবেশগুলোর আড়ালের সত্যতাও স্পষ্ট করে তুলে ধরা দরকার। সরাসরি সামরিক বা ভৌত শক্তি প্রয়োগ করার পরিবর্তে কোনো পরাশক্তি সংস্কৃতি, শিক্ষা এবং মূল্যবোধের নানা উপায়ের মাধ্যমে অন্য দেশগুলোকে প্রভাবিত করার অপচেষ্টা চালায়।
বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে অবাধে ফেলোশিপ প্রদান, নানা ধরনের বিনিময় কর্মসূচি আয়োজন এবং বিশেষ নেতৃত্ব প্রশিক্ষণের মতো আকর্ষনীয় মোড়কে বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক ও শিক্ষকদের নিজেদের প্রভাবান্ধ করে তোলা হয়। প্রথাসিদ্ধভাবে এগুলোকে শিক্ষা, দক্ষতা বৃদ্ধি কিংবা নেতৃত্বের বিকাশ বলে প্রচার করা হলেও, মূলত এগুলো একটি নির্দিষ্ট রাজনৈতিক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সুক্ষ্ম হাতিয়ার হিসেবে কাজ করে থাকে। এসব কার্যক্রম এমন এক চরম গোপনীয়তার সঙ্গে পরিচালনা করা হয় যে, দেশের সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষেও এদের পাকড়াও করার বিষয়টি চিন্তায় আনা অসম্ভব হয়ে পড়ে।
প্রতিটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরে নাগরিক সমাজ বা সুশীল সমাজ নামে যে সমস্ত প্রতিষ্ঠান সক্রিয় থাকে, এই পুরো প্রকল্পের পেছনে মূলত তারাই অর্থায়ন করে থাকে। একটু গভীরভাবে লক্ষ্য করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে, এই চক্রগুলো স্থানীয় বিভিন্ন বেসরকারি সংস্থা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং ছাত্র সংগঠনগুলোকে নিয়মিত বড় অংকের অনুদান দিয়ে আসছে।
ইউক্রেনের বিখ্যাত কমলা বিপ্লবের বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টি আরও পরিষ্কারভাবে অনুধাবন করার চেষ্টা করা যাক।
শুরুতে সম্পূর্ণ অসহিংস একটি গণ-আন্দোলনের মাধ্যমেই কমলা বিপ্লবের সূত্রপাত ঘটেছিল। পরবর্তীতে সেই শান্তপূর্ণ আন্দোলনের ভেতরেই বিভিন্ন ছদ্মবেশী ও বিশেষভাবে প্রশিক্ষিত গোষ্ঠী প্রবেশ করে। হ্যাঁ, বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য যে, মূল আন্দোলনকারীদের ভিড়েই তারা সুকৌশলে নিজেদের স্থান করে নেয়। এর পরপরই সেখানে সুপরিকল্পিতভাবে সহিংসতার সূত্রপাত ঘটানো হয়।
একই সঙ্গে সাধারণ জনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর একযোগে হামলা চালানো হয়, যার ফলে সেখানে মারাত্মক রক্তপাত ও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তীতে এই সহিংসতার সম্পূর্ণ দায়ভার অত্যন্ত চতুরতার সঙ্গে ক্ষমতাসীন সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়।
সরকারের ওপর দোষ চাপানোর ফলে সাধারণ মানুষের মনে সরকারবিরোধী জনরোষ তীব্রভাবে প্রবল হয়ে ওঠে। এর ফলে প্রশাসনের এবং সংশ্লিষ্ট সরকারের নৈতিক অবস্থান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে এবং জনসমর্থন শূন্যের কোঠায় নেমে আসে। পরিশেষে এই ধারাবাহিকতার মধ্য দিয়ে চূড়ান্তভাবে সেই সরকারের পতন ঘটে। আমরা মূলত ২০০৪ সাল এবং পরবর্তী ২০১৪ সালের রাজনৈতিক ঘটনাবলীর একটি সংক্ষিপ্তসার আপনাদের সামনে তুলে ধরলাম।
ইউক্রেনের কিয়েভের ময়দান চত্বরে সংঘটিত স্নাইপার হামলা নিয়ে গবেষক ড. ইভান কাচানোভস্কির একটি বিশেষ গবেষণার উল্লেখ এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি তাঁর গবেষণায় স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে, ২০১৪ সালের কুড়ি ফেব্রুয়ারি তারিখে সেখানকার রক্তাক্ত সংঘাত সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছিল।
সেই দিন রাজধানী কিয়েভের ময়দান চত্বর ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই স্নাইপারদের এলোপাতাড়ি গুলিতে একের পর এক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকেন। হোটেল ইউক্রেনসহ আশেপাশের বেশ কয়েকটি বহুতল ভবন থেকে এই রহস্যময় গুলি চালানো হয়েছিল বলে জোরালো অভিযোগ ওঠে। একই সময়ে কেবল সাধারণ আন্দোলনকারীরাই নন, বরং দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যও এই হামলায় হতাহতের শিকার হয়েছিলেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর