নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আমাদের অর্থনীতির অন্যতম মূল স্তম্ভ হলো তৈরি পোশাকশিল্প, যা কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বিরাট অবদান রাখছে। তবে এ ধরনের শিল্পে যখন গোলযোগ বা আন্দোলন দেখা দেয়, তখন সাধারণত মজুরি, মূল্যস্ফীতি, উৎপাদন খরচ কিংবা মালিক-শ্রমিক দ্বন্দ্বের দিক থেকেই কেবল মূল্যায়ন করা হয়। অথচ এই জটিল পরিস্থিতির পেছনে আরও একটি উপেক্ষিত দিক লুকিয়ে রয়েছে, সেটি হলো সময়মতো সংকট মোকাবিলার পূর্বপ্রস্তুতির অভাব এবং সঠিক যোগাযোগের ফারাক।
কোনো বড় জাতীয় কিংবা অর্থনৈতিক সমস্যা হঠাৎ করেই আকাশ থেকে পড়ে না, বরং বেশিরভাগ ক্ষেত্রেই এর পূর্বলক্ষণ দৃশ্যমান থাকে। সঠিক সময়ে সেই সংকেত বুঝতে পারলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয় এবং ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি রোধ করা যায়। কিন্তু পূর্বাভাস অনুধাবন করতে ব্যর্থ হলে এবং অংশীজনদের সঙ্গে কার্যকর আলোচনা ও সমন্বিত সিদ্ধান্ত না নিলে একটি সাধারণ পরিস্থিতিও মারাত্মক রূপ নিতে পারে। বেতন বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে ঠিক এই বৃহত্তর কাঠামোর মধ্য থেকেই মূল্যায়ন করা দরকার।
সম্প্রতি রাষ্ট্রপক্ষ কর্তৃক বাস্তবায়িত হয়েছে জাতীয় বেতন স্কেল ২০২৬, যেখানে সর্বনিম্ন ধাপে মূল বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ ধাপে শতভাগ। মূল্যস্ফীতি, নিত্যদিনের ব্যয় এবং প্রকৃত ক্রয়ক্ষমতা যাচাই করে সরকারি কর্মচারীদের এই বেতন বৃদ্ধি পুরোপুরি যুক্তিযুক্ত। কিন্তু যেকোনো বড় মাপের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় এর সম্ভাব্য অভিঘাত অন্য সেক্টরে কীভাবে পড়তে পারে, তা আগে থেকেই ভেবে দেখা অত্যন্ত জরুরি। কারণ অর্থনীতির একটি ক্ষেত্র আরেকটি ক্ষেত্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, যদিও আমাদের দেশে এমন সামগ্রিক বিবেচনা করার নজির বেশ বিরল।
সরকারি চাকুরিজীবী থেকে শুরু করে পোশাককর্মী, পরিবহনকর্মী কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সাধারণ কর্মী—সবার জন্যই বাসাভাড়া, চিকিৎসা, সন্তানদের পড়ালেখা, যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ প্রতিনিয়ত বেড়েই চলেছে। সুতরাং দৈনন্দিন জীবনের অতিরিক্ত খরচের এই চাপ কেবল নির্দিষ্ট কোনো পেশার মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সমাজের প্রায় সব স্তরের মানুষই এর শিকার। তাঁদের পেশাগত পরিচয় ও আয়ের ধরন ভিন্ন হলেও জীবনযাত্রার ব্যয়ভারের চাপ মূলত একই রকম। ফলে একটি বড় কর্মরত জনগোষ্ঠী উল্লেখযোগ্য হারে বেশি বেতন পেলে, অন্য পেশার মানুষ ও শ্রমিকদের মধ্যেও একই রকম বেতন সমন্বয়ের আশা তৈরি হওয়াটা মোটেও অমূলক নয়।
এখানে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি এবং তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে সরাসরি কোনো কারণ খোঁজা আমাদের উদ্দেশ্য নয়। বরং মূল প্রশ্নটি হলো, একই রকম অর্থনৈতিক বাস্তবতার মধ্যে ভিন্ন পেশার মানুষের আয়, ক্রয়ক্ষমতা এবং জীবনযাত্রার ব্যয়ের সম্পর্কটি নীতিনির্ধারণের সময় কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে?
সরকারি খাতের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি যদি অন্যান্য খাতের কর্মীদের বেতন পুনর্নির্ধারণের বিষয়টিও আলোচনার টেবিলে রাখা যেত, তবে মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির দূরত্ব কমানোর রাস্তা তৈরি হতে পারত। শ্রমিকদের দাবি, শিল্পের টিকে থাকার ক্ষমতা এবং অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে যদি আগে থেকেই একটি আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করা যেত, তবে বর্তমান এই অবস্থার তীব্রতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হতো।
আর ঠিক এখানেই ক্রাইসিস কমিউনিকেশন বা সংকটকালীন যোগাযোগ ব্যবস্থাপনার মূল গুরুত্ব নিহিত রয়েছে। সংকটকালীন যোগাযোগ বলতে আমরা সাধারণত কোনো সমস্যা তৈরি হওয়ার পর প্রেস ব্রিফিং, বিবৃতি দেওয়া, আলোচনা করা কিংবা সান্ত্বনা মূলক আশ্বাস দেওয়াকেই বুঝি। তবে বর্তমান আধুনিক সংকট ব্যবস্থাপনায় এর পরিধি অনেক বেশি বিস্তৃত। কোনো সমস্যা মাথাচাড়া দেওয়ার আগেই সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে তাঁদের প্রত্যাশা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়াও এর অন্তর্ভুক্ত।
সরকারের একটি বড় আর্থিক সিদ্ধান্ত কেবল সরাসরি সুবিধাভোগীদের ওপর কী প্রভাব ফেলবে, তা ভাবলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। একই সিদ্ধান্তের প্রভাবে অন্য কোনো সেক্টরে কোনো ধরনের প্রভাব পড়ে কি না, সেটিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখা আবশ্যক। এ ক্ষেত্রে জ্বালানি তেলের দাম বাড়ার উদাহরণটি টানা যেতে পারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে যেমন কেবল পরিবহন খাতের খরচই বাড়ে না, তেমনি এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে উৎপাদন ব্যয়ও, যা পরিশেষে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়। তাই জ্বালানির দাম নির্ধারণের সময় যেমন শুধু জ্বালানি খাতের হিসাব করলে চলে না, একইভাবে কোনো খাতের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার সময়ও অন্য খাতের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রাখতে হবে।
এই বিষয়গুলো বিবেচনায় না রাখার কারণে যে খেসারত দিতে হয়, তার অর্থনৈতিক মূল্যও নেহাত কম নয়। ১৪ নভেম্বর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমইএ-র দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকদের অসন্তোষের কারণে দেশের ১৪৭টি পোশাক কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। এমনকি ১৫ নভেম্বরও সাভার, আশুলিয়া এবং গাজীপুরের ১২১টি কারখানায় উৎপাদন বন্ধ থাকার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব কেবল একটি দিনের উৎপাদন হ্রাসের মধ্যে সীমিত থাকে না। নির্দিষ্ট সময়ে ক্রেতার হাতে পণ্য তুলে দিতে না পারলে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে করা চুক্তি, পণ্য পাঠানোর সময়সীমা, ভবিষ্যতের বড় ক্রয়াদেশ এবং বিশ্ববাজারে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে বাংলাদেশের সুনাম বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে পারে। সেই সঙ্গে শ্রমিকদের দৈনিক আয় বন্ধ হয়ে যায়, কারখানা মালিকদের আর্থিক চাপ বহুগুণ বৃদ্ধি পায় এবং পুরো সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িত অন্যান্য সেক্টরগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ একটি সাধারণ শ্রমিক অসন্তোষ ধীরে ধীরে বিশাল আকারের অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে।
তবে শ্রমিক আন্দোলনের সব দোষ কেবল যোগাযোগের ঘাটতির ওপর একতরফাভাবে চাপিয়ে দেওয়াও কোনো বুদ্ধিমানের কাজ হবে না। শ্রমিকদের নায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার, মালিকপক্ষের আর্থিক সামর্থ্য এবং আন্তর্জাতিক বাজারে শিল্পের টিকে থাকার প্রতিযোগিতাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে আন্দোলন বা ক্ষোভের নামে সহিংসতা, ভাঙচুর চালানো এবং জোর করে উৎপাদন ব্যাহত করা কখনোই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। এর একমাত্র বিকল্প হলো পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছানো।
এই লক্ষ্য অর্জনের জন্য সরকারের অর্থনৈতিক নীতিনির্ধারণ প্রক্রিয়ায় একটি সমন্বিত কৌশলগত যোগাযোগের রূপরেখা থাকা একান্ত প্রয়োজন। যেকোনো বড় আর্থিক সিদ্ধান্ত গ্রহণের আগেই সংশ্লিষ্ট সব পক্ষকে টেবিলে ডেকে খোলামেলা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার একটি সঠিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।
একটি সংকট সফলভাবে এড়ানো মানে কেবল একটি আন্দোলন বা কারখানা বন্ধ হওয়ার ঘটনা রোধ করা নয়; এর মাধ্যমে দেশের কর্মসংস্থান, উৎপাদন ধারা, রপ্তানি আয়, বিনিয়োগকারীদের আস্থ এবং সামগ্রিক অর্থনীতিকে সম্ভাব্য বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। তাই সমস্যা তৈরি হওয়ার পর তৎপর না হয়ে, যেকোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের শুরু থেকেই তা মোকাবিলার সঠিক প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর