নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মুসলিম বিশ্বের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সংহতি ও যৌথ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার (১৮ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশন শেষে এ আহ্বান জানান তিনি।
ফিদান বলেন, ‘ওআইসির বৈঠকে দেওয়া বক্তব্যে আমরা বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংহতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।
বিশেষ করে ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেছি।’ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এই অধিবেশনে ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট ও অভিন্ন স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
তুরস্কের বক্তব্যে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সংহতি এবং যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাগদাদ সফরে ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি, প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এবং পার্লামেন্টের স্পিকার হাইবেত আল-হালবুসির সঙ্গে বৈঠক করেছেন ফিদান।
এ ছাড়া ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জায়দান, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস কমিশনের চেয়ারম্যান ফালিহ আল-ফাইয়াদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আব্বুদির সঙ্গেও তার আলোচনা হয়েছে।
ফিদান ইরাকি তুর্কমেন ফ্রন্টের প্রেসিডেন্ট ও কিরকুকের গভর্নর মেহমেত সেমান আগাওলুর সঙ্গেও বৈঠক করেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর