নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আজ রবিবার মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।
আব্দুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় স্থানান্তরের আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। সাম্প্রতিক সময়ে এই বিষয়টি আবারও আলোচনায় আসে। প্রস্তাব উঠেছে বর্তমান সচিবালয়ের স্থানে নিম্ন আদালতের কার্যক্রম শুরু করার এবং সচিবালয়টি পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে যাওয়ার।
সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তর করা হবে। তিনি আরও জানিয়েছিলেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে, যা অনুমোদনের জন্য আজকের মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর