ঢাকা | বঙ্গাব্দ

টানা আট ম্যাচে বেঞ্চে বৈভব, ধৈর্য ধরার পরামর্শ অধিনায়কের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
টানা আট ম্যাচে বেঞ্চে বৈভব, ধৈর্য ধরার পরামর্শ অধিনায়কের ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

আন্তর্জাতিক অঙ্গনে এশিয়ান গেমসে ভারতের হয়ে দ্যুতি ছড়িয়ে স্বর্ণজয়ের স্বাদ পেলেও, জাতীয় দলের মূল একাদশে ঢোকার লড়াইয়ে এখনই সুযোগ মিলছে না ১৫ বছর বয়সী বাঁহাতি ওপেনার বৈভব সূর্যবংশীর। ভারত জাতীয় দলের হয়ে টানা আটটি টি-টোয়েন্টি ম্যাচে বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে এই উদীয়মান তারকাকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তরুণ এই ব্যাটারকে আপাতত ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় দলে আগে থেকেই শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন দুই বিশ্বস্ত ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই জুটি চমৎকার ফর্মে থেকে টানা রান করে যাচ্ছেন। তরুণ সূর্যবংশীকে এই বাস্তবতার কথাই স্মরণ করিয়ে দিয়েছেন অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের জানান আগেই দিয়েছিলেন সূর্যবংশী। ২০২৬ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় আসর খেলতে নেমেই রেকর্ড ৭৭৬ রান সংগ্রাহক হয়ে লাভ করেন ‘অরেঞ্জ ক্যাপ’।

আইপিএলের পর জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেলেও সূর্যবংশীর ম্যাচ খেলার সুযোগ হয়েছে সীমিত। ইংল্যান্ড ও জিম্বাবুয়ে সিরিজে কয়েকটি ম্যাচে একাদশে থাকলেও, পরবর্তী আফগানিস্তান ও ক্যারিবীয়দের বিপক্ষে টানা ৮টি ম্যাচে একাদশের বাইরেই ছিলেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে ২-২ সমতায় সিরিজ শেষ করার পর ভারতীয় অধিনায়ক আইয়ার বলেন, “আমি শুধু তাকে বলেছি, ‘তুমি তোমার সুযোগ ঠিকই পাবে। তুমি দেখো, তোমার জন্য তারা বিশ্বকাপ নিয়ে এসেছে এবং ধারাবাহিকভাবে রানও করে যাচ্ছে।’"

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিটি গতকাল বৃষ্টিতে ভেস্তে যায়। ৯ ওভারে কমিয়ে আনা ম্যাচটিতে ভারত ৭.৪ ওভারে ১ উইকেটে ১১৮ রান তোলার পর আবারও বৃষ্টি শুরু হলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। সিরিজটি ২-২ সমতায় শেষ হওয়ায় ট্রফি ভাগাভাগি করে দুই দল। ওপেনিং পজিশনে মূলত সঞ্জু স্যামসনের সঙ্গেই লড়াই সূর্যবংশীর। তবে ক্যারিবীয়দের বিপক্ষে চলতি সিরিজে স্যামসন ৫ ম্যাচে ৩৩.৬ গড় ও ১৯৫.৩৪ স্ট্রাইকরেটে ১৬৮ রান তুলে নিজের স্থান আরও শক্ত করেছেন।

অধিনায়ক আইয়ারের বার্তা, ‘আমি ওকে একটাই কথা বলি, নিজের প্রস্তুতি ও প্রক্রিয়ায় ধারাবাহিকতা ধরে রাখো, সুযোগ ঠিকই তোমার দরজায় কড়া নাড়বে। দলে ইতোমধ্যে দুইজন দুর্দান্ত ওপেনার রয়েছে, তাই অনেক সময় সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতেই হয়।’ এর আগে কোচ গৌতম গম্ভীরও বৈভবকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘বয়স ১৫ হোক কিংবা ৩০, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম মেনে সবাইকেই সুযোগের জন্য অপেক্ষা করতে হয়।’


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভলান্টিয়ার এওয়ার্ড-২০২৬, যুব সংগঠন আর্থিক অনুদান প্রদান

ভলান্টিয়ার এওয়ার্ড-২০২৬, যুব সংগঠন আর্থিক অনুদান প্রদান