নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘জীবনযাত্রার মান জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে দেশের মানুষের আর্থিক সংকটের এক চিত্র উঠে এসেছে, যেখানে দেখা যায় জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া এবং আয় একই জায়গায় আটকে থাকায় দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবারকে বাধ্য হয়ে ঋণ করতে হচ্ছে।
গত বছরের ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর জাতীয় বেতন কমিশনের অনুরোধে এবং নবম জাতীয় বেতনকাঠামোর সুপারিশের আগে এই জরিপটি চালানো হয়। ডিজিটাল পদ্ধতিতে গ্রাম, শহর ও সিটি করপোরেশন এলাকার ১৫০টি প্রাথমিক নমুনা এলাকার মোট ৩ হাজার পরিবারের ওপর সাক্ষাৎকার নিয়ে এই বিশেষ প্রতিবেদন তৈরি করে বিবিএসের দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান সেল।
জরিপের তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে একটি পরিবারের গড় মাসিক আয় যেখানে ৩৩ হাজার ৫১৩ টাকা, সেখানে পরিবারপ্রতি গড় মাসিক ব্যয় দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩১১ টাকায়। এর আগে ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে জাতীয় পর্যায়ে গড় আয় ছিল ৩২ হাজার ৪২২ টাকা এবং গড় ব্যয় ছিল ৩১ হাজার ৫০০ টাকা।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শহরের তুলনায় গ্রামের পরিবারগুলো ঋণের চাপে বেশি জর্জরিত। গত এক বছরে মৌলিক জীবনযাত্রার ব্যয় মেটাতে গ্রামাঞ্চলের ৫১ দশমিক ৯১ শতাংশ, শহরাঞ্চলের ৪০ দশমিক ১৯ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকার ৩২ দশমিক ১১ শতাংশ পরিবার ঋণ নিতে বাধ্য হয়েছে।
এ ছাড়া খরচের ক্ষেত্রেও এলাকাভেদে তারতম্য রয়েছে, যেখানে সিটি করপোরেশন এলাকায় পরিবারের গড় মাসিক ব্যয় সবচেয়ে বেশি অর্থাৎ ৪৬ হাজার ৭৭৮ টাকা। একই সঙ্গে শহরাঞ্চলে প্রতি পরিবারের মাসিক ব্যয় ৩৭ হাজার ৩৪৪ টাকা এবং গ্রামাঞ্চলে এই ব্যয়ের পরিমাণ ৩২ হাজার ৫৩২ টাকা।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর