নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজোনা ইউনিয়নের চরবাচরা নতুনপাড়া গ্রামের প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) ফুসলিয়ে ডেকে নিয়ে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. আব্দুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ অক্টোবর শুক্রবার ভুক্তভোগী শিশুর মা মোছা. নুরুন্নাহার খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। অভিযুক্ত আব্দুর রহমান একই গ্রামের মৃত এশারত আলীর ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তের বাড়ি পাশাপাশি হওয়ায় স্কুলে যাওয়া-আসার পথে তিনি দীর্ঘদিন ধরে শিশুটিকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পূর্বে একাধিকবার আসামি ও তার পরিবারকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। গত ১৩ অক্টোবর বিকেল আনুমানিক তিনটার সময় শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধুলা করার সময় আসামি তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান এবং কুপ্রস্তাব ও অঙ্গভঙ্গি করে স্পর্শের চেষ্টা চালান।
শিশুনি রাজি না হলে তাকে জোরপূর্বক ঘরের ভেতর বিছানায় ফেলে পোশাক খোলার চেষ্টা ও শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে নির্যাতন চালানো হয়। শিশুর চিৎকারে আসামি তাকে ছেড়ে দিলে সে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায়। পরে আত্মীয়স্বজন ও সাক্ষীদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এজাহার পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর