নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের হঠাৎ অগ্নিকাণ্ডে একটি নতুন ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে দুই কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতার জীবনযাপন করছেন পপি বেগম।
পরিবারের ভাষ্যমতে, ঘটনার দিন রাতে প্রতিদিনের স্বাভাবিক নিয়মেই রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন তারা। পরবর্তীতে রাত ১টার দিকে হঠাৎ তীব্র গরম ও আগুনের তাপে তাদের সবার ঘুম ভেঙে যায়।
এ সময় চরম আতঙ্কিত হয়ে দুই সন্তানকে বুকে আগলে চিৎকার করতে করতে কোনোমতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন পপি। তাদের এই বিপদের চিৎকার শুনে দ্রুত আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালান।
পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আসার আগেই মুহূর্তের মধ্যে আগুনে ঘরের ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পপি বেগম কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে জানান, তাঁর সাত বছরের মেয়ে ফাতেমা ও তিন বছরের ছেলে ফারাজকে নিয়ে তিনি রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে যাওয়ার পর সন্তানদের নিয়ে কেবল এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছেন তিনি।
তিনি আরও যোগ করেন, স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক চেষ্টা করে আগুন নেভালেও ঘরের ভেতরে থাকা কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এই মুহূর্তে অবুঝ দুটি শিশুসন্তানকে নিয়ে তিনি কোথায় আশ্রয় নেবেন এবং কী খেয়ে বাঁচবেন, তা নিয়ে গভীর অনিশ্চয়তা ও কান্নায় ভেঙে পড়েছেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর