নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি এলাকায় কাজলরেখা নদীর তীরবর্তী অংশে এবং ধামারণ সেতুর পশ্চিম পাশে শিকারিবাড়ি-সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অবৈধভাবে ড্রেজার বসিয়ে নদী ও তীরবর্তী এলাকা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে ড্রেজার মেশিন ও পাইপলাইনের অস্তিত্ব দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
আইন অমান্য করে পাইপ স্থাপনপূর্বক বালু ভরাটের কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে মফিজউদ্দিন ও সোহাগ আলীকে হাতেনাতে শনাক্ত করা হয়।
উভয় অভিযুক্তের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা ধার্য করা হয়।
দুই মামলার আসামিদের মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়েছে বলে জানা গেছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর