নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স বা এনইউএ-এর কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন মুখ আনা হয়েছে। সংগঠনটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মুফতি ইনজিমামুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি মাহমুদ হাসানকে মনোনীত করা হয়েছে। ইতিপূর্বে সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খানের জমাকৃত পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার অনুষ্ঠিত হয় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের একটি জরুরি কেন্দ্রীয় সাধারণ সভা। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।
সংগঠন থেকে গণমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে পুরো প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, সভায় উপস্থিত সদস্যদের সুনির্দিষ্ট মতামত ও ভোটাভুটির মাধ্যমেই মাওলানা সানাউল্লাহ খানের পদত্যাগপত্রটি গৃহীত হয় এবং তার পদটিকে আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়।
পরবর্তীতে সভার কার্যক্রমের অংশ হিসেবে উপস্থিত সদস্যদের সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এর ফলে মুফতি ইনজিমামুল ইসলামকে সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং মুফতি মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব মুফতি ইনজিমামুল ইসলাম বর্তমানে পেশাগতভাবে রাহবার অ্যাডভাইজরির শরীয়াহ মজলিশের চেয়ারম্যান পদে কর্মরত রয়েছেন। এ ছাড়াও তিনি রাজধানীর বাইতুর রশিদ জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবনে তিনি গওহরডাঙ্গা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস এবং জামিয়া রহিমিয়া আরাবিয়া মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেছেন।
অন্যদিকে, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মুফতি মাহমুদ হাসান রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া মুহিউস সুন্নাহ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ইসলামিক স্কলারস একাডেমির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে ২০০৮ সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস এবং পরবর্তীতে জামিয়াতুল আসআদ থেকে ইফতা সম্পন্ন করা।
সংগঠনের এই জরুরি সভায় দেশের আলেম সমাজের নায্য অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষা করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি মূলধারার রাজনীতিতে আলেমদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যাপারে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির বা এনসিপি-র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকারী মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বর্তমানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর