নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
পাহাড়ে নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। সেখানে নিয়োজিত সেনাসদস্যদের কর্মকাণ্ড ঘুরে দেখেন এবং তাদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।
এ সময় দুর্গম ভৌগোলিক পরিবেশ এবং সীমিত সুযোগ-সুবিধার বিষয়টি মাথায় রেখেও পার্বত্য অঞ্চলের সার্বিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষায় কর্মরত সেনাসদস্যরা যে নিষ্ঠা ও আন্তরিকতা প্রদর্শন করে চলেছেন, তার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান।
অঞ্চলটিতে শান্তি বজায় রাখতে সেনাসদস্যদের এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার তাগিদ দেন সেনাপ্রধান।
পাহাড়ে দায়িত্ব পালনের সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়ার পাশাপাশি পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে নিজ ওপর অর্পিত সব কর্তব্য নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাওয়ার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
এই গুরুত্বপূর্ণ পরিদর্শন কার্যক্রম চলাকালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ এবং ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার সেখানে উপস্থিত ছিলেন।
এছাড়াও সেনাসদরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন এরিয়ার উর্ধ্বতন সামরিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পদমর্যাদার অসংখ্য সেনাসদস্য এই পুরো পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে ছিলেন।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর