নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম রবিবার (১৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। প্রথম মামলায় অভিযোগে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন এবং তার ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় এবং তার ৩২টি ব্যাংক হিসাবে প্রায় এক কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়। এই মামলায় তাকে সহায়তার অভিযোগে শেখ আব্দুল হান্নানকে অভিযুক্ত করা হয়েছে।
শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর