ঢাকা | বঙ্গাব্দ

বেড়েছে তেলের দাম, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিতের প্রভাব বিশ্ববাজারে

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
বেড়েছে তেলের দাম, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিতের প্রভাব বিশ্ববাজারে ছবির ক্যাপশন: বেড়েছে তেলের দাম, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিতের প্রভাব বিশ্ববাজারে
ad728

এশিয়ার বাজারে সোমবার সকালে তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আবারও স্থগিত হওয়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে জ্বালানি দামে।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৯৬ দশমিক ৪০ ডলার। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে ওয়াশিংটন। এরপরই তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়।

ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার পর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান জাহাজে হামলার হুমকি দিলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচল কার্যত সীমিত হয়ে পড়ে। বিশ্বে উৎপাদিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, নিরাপদে নৌযান চলাচল নিশ্চিত করার উপায় খুঁজে বের করাই তাঁদের অগ্রাধিকার।

অন্যদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, তেহরানের নেতৃত্বে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে এবং আলোচনা চালাতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে। তিনি বলেন, ইরান চাইলে সরাসরি যোগাযোগ করতে পারে।

তেলের দাম বাড়লে প্রভাব কী
তেলের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। পরিবহন ব্যয় বাড়ে, বাসভাড়া বৃদ্ধি পায়, বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়। কৃষির সেচ খরচ বাড়ে, ছোট ব্যবসায়ীরা চাপে পড়েন। আয় না বাড়লেও ব্যয় বাড়তে থাকায় মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়।

বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমদানিনির্ভর উন্নয়নশীল দেশগুলো দ্রুত চাপে পড়ে। জ্বালানি আমদানি ব্যয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়, মূল্যস্ফীতি বাড়ে এবং সরকারকে ভর্তুকি দিতে গিয়ে বাজেট ঘাটতির মুখে পড়তে হয়। এতে বিনিয়োগ কমে গিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিও মন্থর হয়ে পড়ে।

গত সপ্তাহে তেহরানকে ‘সমন্বিত প্রস্তাব’ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে এই ঘোষণার পরই ব্রেন্ট ক্রুডের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। এর আগে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছিল।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হরমুজ প্রণালি দিয়ে ১৯টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ এই জলপথ অতিক্রম করত।

 
 

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ