ঢাকা | বঙ্গাব্দ

মাদকের ২১ রুট চিহ্নিত, তিন পথে আসছে ইয়াবা ও আইস

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
মাদকের ২১ রুট চিহ্নিত, তিন পথে আসছে ইয়াবা ও আইস ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

সীমান্তের একুশটি জেলা মাদক চোরাচালানের প্রধান পথ হিসেবে চিহ্নিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের ঝুঁকিপূর্ণ রুটগুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম সীমান্ত অঞ্চলে মাদক আসা রুটগুলোর মধ্যে রয়েছে যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলা। উত্তর-পশ্চিম প্রান্তে রাজশাহী থেকে লালমনিরহাট পর্যন্ত বিস্তৃত এলাকার বিভিন্ন সীমান্তপথ সমানভাবে ঝুঁকিপূর্ণ।

উত্তর-পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি পূর্ব সীমান্তে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর বিভিন্ন পথ দিয়ে মাদক চোরাচালান হয়ে থাকে।

এই পথগুলো দিয়ে মূলত ফেনসিডিল, হেরোইন, মদ, গাঁজা, আইস, কুশ, নেশাজাতীয় ট্যাবলেট এবং এস্কাফের মতো অবৈধ মাদক দেশে প্রবেশ করে।

দক্ষিণ-পূর্ব সীমান্তে কক্সবাজার ও বান্দরবান জেলার একাধিক এলাকা মাদক কারবারিদের রুট হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে টেকনাফ, শাহপরীর দ্বীপ, সাবরাং, নাফ নদী, হোয়াইক্যং, উখিয়া এবং নাইক্ষ্যংছড়ি অঞ্চলের পথগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, প্রধানত কক্সবাজার ও বান্দরবানের এই নির্দিষ্ট রুটগুলো দিয়ে ইয়াবা এবং আইস পাচার করা হয়ে থাকে।

মাদক পাচার রোধে বিজিবি ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় সাধন এবং স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট চালুর কথা জানানো হয়েছে।

পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা, টহল জোরদার করা, সীমান্ত সড়কে বিশেষ চেকপোস্ট বসানো এবং প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।

মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় প্রশাসন, নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে সীমান্তবর্তী জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে প্রতিবেদনে।

উপকূলীয় ও সামুদ্রিক এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা কোস্ট গার্ডের প্রতিবেদনে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারির ওপর জোর দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, কক্সবাজারের টেকনাফ, নাফ নদী, শাহপরীর দ্বীপ এবং সেন্ট মার্টিনসংলগ্ন জলসীমা ব্যবহার করে ইয়াবা ও আইস বাংলাদেশে প্রবেশ করে।

টেকনাফ থেকে জলপথ ও স্থলপথ ধরে বরিশাল, পটুয়াখালী ও ভোলা হয়ে এসব মাদক দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, সাতক্ষীরা অঞ্চলে খোলপেটুয়া নদী এবং সুন্দরবনের অভ্যন্তরীণ নদীপথগুলো ব্যবহার করে ফেনসিডিল ও গাঁজা নিয়ে আসা হয়।

চোরাচালানের কাজে সুন্দরবনের বিভিন্ন নদী ও জালের মতো ছড়িয়ে থাকা খালগুলো নিয়মিত ব্যবহৃত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে মাছ ধরার কাজে ব্যবহৃত ট্রলার এবং অন্যান্য নৌযানের মাধ্যমেও অবৈধ মাদকের বড় চালান পরিবহন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
মৃত ও প্রবাসীকে শ্রমিক দেখিয়ে ইউপি অর্থ আত্মসাৎ

মৃত ও প্রবাসীকে শ্রমিক দেখিয়ে ইউপি অর্থ আত্মসাৎ