নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ফের একটি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই আকস্মিক বিস্ফোরণে আদালত চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পরই স্থানীয় জনসাধারণ ও আইনজীবীরা সাহসিকতার পরিচয় দিয়ে রাজীব বোস নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল সংবাদমাধ্যমকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার নাম রাজীব বোস বলে জানা গেছে।
উপকমিশনার আরও বলেন, পুরো ঘটনার পেছনের রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ শেষেই দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোরশেদ আলম জানান, এটি অত্যন্ত শক্তিশালী একটি ককটেল বিস্ফোরণের ঘটনা। কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসআই মোরশেদ আলম আরও উল্লেখ করেন যে, আটককৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়ার পরপরই কোতোয়ালি থানা-পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যার দিকেও সিএমএম আদালতের প্রধান ফটকের সন্নিকটে জনসন রোডে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছিল।
পূর্বের ওই বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এমনকি সেই মামলায় বেশ কয়েজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারও দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর