নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রংপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই ধর্মীয় জমায়েতকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ সমবেত হচ্ছেন।
ইজতেমা ময়দান আলোকিত ও সচল রাখতে নিয়মিত বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটরের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম।
শামীমুজ্জামান শামীম আরও জানান, মাঠে আগত মুসল্লিদের অজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির সুব্যবস্থা করা হয়েছে। এর ফলে একসঙ্গে প্রায় তিন থেকে চার হাজার মুসল্লি কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অজু সম্পন্ন করতে পারবেন।
এছাড়া ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অর্ধশতাধিক মেডিকেল টিম।
ইজতেমা উপলক্ষে পুরো এলাকায় সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনও অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর