হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে।
শুক্রবার (৮ মে) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে।” সংঘর্ষের ঘটনাকে তিনি “হালকা ধাক্কা” বলেও উল্লেখ করেন।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের হামলার মুখে পড়লেও তিনটি মার্কিন যুদ্ধজাহাজ অক্ষত রয়েছে। তিনি বলেন, ইরানি নৌযানগুলোর বড় ধরনের ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং হামলায় ছোড়া ক্ষেপণাস্ত্র সহজেই প্রতিহত করা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য, “আমাদের বিধ্বংসী জাহাজগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, কিন্তু সেগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।”
অন্যদিকে, Islamic Revolutionary Guard Corps-এর নৌ ইউনিট দাবি করেছে, বৃহৎ পরিসরের যৌথ অভিযানে তারা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামে ব্যাপক ক্ষতি করেছে। তাদের দাবি, মুহুর্মুহু হামলার মুখে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।
ইরানি বাহিনী আরও জানায়, অভিযানে জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্রে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড সংযুক্ত ছিল।
এদিকে বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা “খুব ভালোভাবে” এগোচ্ছে। একই সঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কখনও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না।
তিনি সতর্ক করে বলেন, “আলোচনা ভালো চলছে। কিন্তু চুক্তি না হলে তাদের অনেক কষ্ট ভোগ করতে হবে।”
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর