ঢাকা | বঙ্গাব্দ

নালায় বাঁধ, সামান্য বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
নালায় বাঁধ, সামান্য বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম ছবির ক্যাপশন: নালায় বাঁধ, সামান্য বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম
ad728

চট্টগ্রাম নগরীতে অল্প সময়ের মুষলধারে বৃষ্টিতেই আবারও ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বৃষ্টির পর নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর, কাতালগঞ্জসহ একাধিক নিচু এলাকা পানিতে তলিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের চলমান কাজের কারণে বিভিন্ন নালায় অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। বৃষ্টির সময় এসব বাঁধ অপসারণ না করায় পানি দ্রুত নিষ্কাশিত হতে পারছে না, ফলে রাস্তায় জমে তৈরি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা।

প্রবর্তক মোড় এলাকায় গিয়ে দেখা যায়, মূল সড়কে হাঁটু সমান পানি জমে আছে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। রিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন মাঝপথে আটকে পড়ে এবং অনেক যানবাহন বিকল হয়ে যায়।

পথচারী তানভির বলেন, “এ এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। ড্রেনের ময়লা পানি ও বৃষ্টির পানি একসাথে মিশে যায়, এতে আমাদের নিয়মিত ভোগান্তি পোহাতে হয়।”

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টার পর বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় নিচু এলাকাগুলো দ্রুত পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা মনে করছেন, ড্রেনেজ ব্যবস্থাপনায় দুর্বলতা এবং চলমান প্রকল্পের অযথাযথ সমন্বয়ের কারণে নগরীতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হচ্ছে।

 

নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স