নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি ও সরবরাহ সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। গত বুধবার থেকে দুই দেশের সীমান্ত বাণিজ্যে এই অচলাবস্থা তৈরি হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।
সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এই পরিস্থিতির বিস্তারিত তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওপার থেকে পণ্যবাহী ট্রাকগুলো সোনামসজিদে আসার পর খালাস শেষ হওয়ার আগেই চালক ও সহকারীরা রাতে ভারতে চলে যেতেন।
পরবর্তীতে পুনরায় বাংলাদেশে প্রবেশের সময় ওই চালক ও সহকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের গুরুতর অভিযোগ পাওয়া যায়। এমনকি অতীতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল।
এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা একটি নতুন নির্দেশনা জারি করেন। নিয়ম অনুযায়ী, পণ্যের খালাস পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক এবং তাঁদের সহকারীদের বন্দরের ভেতরেই রাত যাপন করতে বলা হয়।
এই নির্দেশনা কার্যকর হওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য ও জটিলতার সৃষ্টি হয়। এরই ফলশ্রুতিতে আজ সকাল থেকে ভারতীয় পক্ষ থেকে সোনামসজিদ বন্দরে কোনো পণ্যবাহী ট্রাক পাঠানো হচ্ছে না বলে জানান মো. রুহুল আমিন।
বর্তমান এই অচস্থা নিরসন এবং দুই দেশের মধ্যে সীমান্ত দিয়ে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকল পক্ষ বসে আলোচনা চালিয়ে যাচ্ছেন। খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর