নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কমান্ড্যান্ট শাহ নেওয়াজ হুসেন। রোববার (১৮ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের শ্রী শ্রী শিব দুর্গা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
গোয়াইনঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীনুর সূচির দিকনির্দেশনা এবং উপজেলা প্রশিক্ষক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে এসব পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতির খোঁজখবর নেন।
এ সময় তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। শ্রী শ্রী শিব দুর্গা মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি কাজল, সাধারণ সম্পাদক খুকন, সহ ও কমিটির অন্যান্য সদস্য, ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ভিডিপি দলনেতা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা।
জেলা কমান্ড্যান্ট শাহ নেওয়াজ হুসেন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও সজাগ দৃষ্টি বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ আনসার ও ভিডিপির মূলমন্ত্রকে ধারণ করে ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর