চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় ক্রিকেট দলের স্পিনার Nayeem Hasan-কে মারধর করে থানায় নেওয়া ও হেনস্তার অভিযোগের ঘটনায় চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এ আদেশ জারি করেন।
সিএমপি সূত্র জানায়, প্রত্যাহারকৃত ওসি আরিফুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবিরকে বাকলিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে এ ঘটনায় অভিযুক্ত খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি।
জানা গেছে, ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। শুক্রবার রাত ১২টার দিকে নগরের লালখানবাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি জিজ্ঞাসাবাদ শুরু করেন। অভিযোগ রয়েছে, ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও তাকে জোরপূর্বক থানায় নিয়ে যাওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনায় নাঈম হাসানের ভাই কামরুল হাসান সাব্বির বাদী হয়ে তিনজনকে আসামি করে খুলশী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর