নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে। ওই বৈঠকে পাওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই ইউপি নির্বাচনে ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘১৭ তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে ইসি। সেখানে পাওয়া সিদ্ধান্তের ভিত্তিতে ভোটের তারিখ চূড়ান্ত করবে কমিশন।’
ভোটের সময় নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘প্রতিমন্ত্রীর বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা দেখাব না। তবে ১৭ তারিখের বৈঠকে ভোটের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
তিনি বলেন, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টির নির্বাচন দ্রুত আয়োজন করতে হবে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বিভিন্ন বার্ষিক পরীক্ষা ও ধর্মীয় উৎসবের বিষয় বিবেচনায় নিয়ে সাত ধাপে ভোটগ্রহণের প্রাথমিক সূচি তৈরি করা হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর