শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাউল সাধক লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। এ সময় সাংবাদিক, লেখক, গবেষক, সংস্কৃতিপ্রেমী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে লালন সাঁইয়ের জীবন, দর্শন, মানবতা, বাংলা লোকসংস্কৃতিতে তাঁর নানান অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বর্ণের সাজে সজ্জিত সংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শিল্পীদের পরিবেশিত মনোমুগ্ধকর লালনসংগীত উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আবেগঘন। আয়োজকেরা জানান, লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও লোকসংস্কৃতিতে লালন সাঁইয়ের অনন্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর