নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের হাত থেকে বাঁচতে জলাশয়ে ঝাঁপ দিয়েও শেষরক্ষা হয়নি মাদক কারবারি টিটু মিয়ার। জলাশয় পেরিয়ে কাদাযুক্ত ধানক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ সাঁতরে গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার ( ১৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়ার নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার টিটু মিয়া (৩৬) উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক এলাকার ওহিদ মেম্বারের বাড়ির সোনা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর উপজেলার শশীদল ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় কুমিল্লা-বাগড়া সড়কের পূর্ব পাশে বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে টিটু মিয়া পালানোর চেষ্টা করেন।
একপর্যায়ে তিনি সড়কের পাশের জলাশয়ে ঝাঁপ দেন। পরে জলাশয় পেরিয়ে কাদাযুক্ত ধানক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশও তার পিছু নিয়ে জলাশয়ে নেমে সাঁতরে ধানক্ষেতে পৌঁছে তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক কারবারির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর