নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ১৮ অক্টোবর ২০২৬ ভোরে এই অভিযানগুলো পরিচালিত হয়।
২৮ বিজিবির সদস্যরা সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্ত পিলার ১২২৩-এর বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে পেচাকোণা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন। একই সময়ে তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের সীমান্ত পিলার ১২০৪/৮-এর বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে উত্তর মোকসেদপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একই উপজেলার ৪ নম্বর বড়দল ইউনিয়নের চাঁনপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১২০২/৪-এর বাংলাদেশের অভ্যন্তরে বারিকের টিলা এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, পৃথক অভিযানে জব্দ করা ১৯১ বোতল ভারতীয় মদের আনুমানিক সিজারমূল্য ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। ২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর