বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় জিন তাড়ানোর অজুহাতে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) রাতে শহরের নামাজগড় এলাকা থেকে অভিযুক্ত হাকিম রেজাউল করিম (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয়ভাবে “আশ-সিফা দাওয়া খানা” নামে একটি প্রতিষ্ঠানে কবিরাজি ও ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দিতেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, তাদের মেয়ে রাজশাহীর একটি কওমি মহিলা মাদ্রাসায় দাখিল শ্রেণিতে পড়াশোনা করে। কিছুদিন ধরে মাথাব্যথায় ভুগছিল সে। পরে এক পরিচিতের পরামর্শে রোববার (৩ মে) সকালে তাকে ওই কবিরাজের কাছে নেওয়া হয়।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি “জিনের প্রভাব” রয়েছে দাবি করে ঝাড়ফুঁকের কথা বলে ভুক্তভোগীকে কক্ষে নিয়ে যান এবং পরবর্তীতে তার ওপর অনৈতিক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। একই দিন পরে অর্থ নিয়ে আবার যেতে বলা হলে পরিবারের সদস্যরা পুনরায় সেখানে গেলে একই ধরনের ঘটনার অভিযোগ পাওয়া যায়।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে তারা থানায় লিখিত অভিযোগ করেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।