ঢাকা | বঙ্গাব্দ

ক্লান্তি ও ব্যস্ত সূচি: এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর বিশ্রাম

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
ক্লান্তি ও ব্যস্ত সূচি: এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর বিশ্রাম ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

চলতি মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে আশানুরূপ সাফল্য পাচ্ছে না সৌদি ক্লাব আল নাসর। মহাদেশীয় এই টুর্নামেন্টের পশ্চিম অঞ্চলের ১৬ দলের গ্রুপ টেবিলে বর্তমানে নবম অবস্থানে রয়েছে ক্লাবটি। এমনকি সৌদি প্রো লিগ থেকে অংশ নেওয়া পাঁচ ক্লাবের মধ্যে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান সবার নিচে। নিয়ম অনুযায়ী পশ্চিম অঞ্চলের সেরা আটটি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে স্কোয়াডের বাইরে রাখার কারণ হিসেবে সাম্প্রতিক ব্যস্ত সূচি ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তিকেই বড় করে দেখেছেন কোচ। এর আগে নিরাপত্তাজনিত বিভিন্ন জটিলতার কারণে আল নাসরের নির্ধারিত একটি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছিল কতৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল রিয়াদে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে, গত সপ্তাহের সেই ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি।

গত ১২ অক্টোবর ঘরের মাঠে আল নাসরের একটি ম্যাচ ক্ষেপণাস্ত্র হামলার গুঞ্জনে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে হামলার সম্ভাব্য আশঙ্কার কারণেই মূলত ওই সময়ে এমন সতর্কতা নেওয়া হয়েছিল। শুধু ক্লাব ফুটবলের আঙিনাতেই নয়, সৌদি আরবের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যায়েও।

আগামী ৭ জানুয়ারি থেকে সৌদিতে শুরু হওয়ার কথা রয়েছে মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়ান কাপের পরবর্তী আসর। তবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আসন্ন এই টুর্নামেন্টের সফল আয়োজন নিয়ে প্রকাশ্যেই সংশয় প্রকাশ করেছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেয়াসু মিয়ামোতো।

গত মাসে অনুষ্ঠিত এএফসির এক কংগ্রেসে জাপানি ফুটবল প্রধান মিয়ামোতো মন্তব্য করেছিলেন যে, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরাখবর অনুযায়ী সেখানের পরিবেশ এখনও পুরোপুরি নিরাপদ নয়। তাই বর্তমান পরিস্থিতিতে দেশটিতে এশিয়ান কাপ আয়োজন করা খুব একটা সহজ হবে বলে মনে করছেন না তিনি।

অন্যদিকে, এএফসি প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা অবশ্য এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ। চলতি নভেম্বরের শেষ সময় পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চান তিনি। এমনকি প্রয়োজনে পুরো এশিয়ান কাপ টুর্নামেন্টটি এক বছর পেছ করে ২০২৮ সালে আয়োজনের সম্ভাবনার কথাও জানিয়েছেন শেখ সালমান।

এদিকে এএফসি প্রধানের এমন বার্তার বিপরীতে সৌদি আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পূর্বনির্ধারিত নির্ধারিত সূচি মেনেই টুর্নামেন্টের সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলেছে। গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে প্রতিযোগিতার সব ম্যাচের ভেন্যু ও নির্দিষ্ট শুরুর সময়ও চূড়ান্ত করেছে আয়োজকরা।

সূত্র: আজকের পত্রিকা


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ ও আগামীকাল রাতে দেখা যাবে ওরিওনিড উল্কাবৃষ্টি

আজ ও আগামীকাল রাতে দেখা যাবে ওরিওনিড উল্কাবৃষ্টি