নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
কার্তিক ও অগ্রহায়ণ মাস আসতেই করতোয়া নদীর পানি কমতে শুরু করে। নদীটির অববাহিকায় পানি নেমে যাওয়ার ফলে দুই তীরের পলিমাটি জেগে ওঠে। এই উর্বর পলিমাটি ঘেরা জমিতে স্থানীয় কৃষকরা শীতকালীন নানা ধরনের সবজির চাষ শুরু করেন।
চাষাবাদ প্রস্তুতির অংশ হিসেবে কৃষকরা পাওয়ার টিলার ব্যবহার করে জমি চাষ করেন। ট্রাক্টর বা পাওয়ার টিলারের ফলায় মাটি ওলটপালট হওয়ার সময় মাটির নিচ থেকে বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ ও তাদের লার্ভা বেরিয়ে আসে।
খাবারের এই সহজলভ্য উৎসের টানে চাষ করা এসব জমিতে এসে ভিড় জমাচ্ছে ঝাঁকে ঝাঁকে সাদা বক। পোকামাকড় ও লার্ভা খাওয়ার আনন্দে বকগুলোর পদচারণায় পুরো মাঠ মুখর হয়ে ওঠে।
কখনো বকগুলোকে সশরীর মাটিতে নেমে মনের সুখে তাদের শিকার ধরতে দেখা যায়। আবার কখনো তারা ডানা মেলে পুরো মাঠজুড়ে আকাশে ওড়াউড়ি করে।
বগুড়া সদর উপজেলার তেলিহারা গ্রামের ফসলের মাঠে এই মনোরম দৃশ্য দেখা মেলে। একদিকে কৃষকদের শীতকালীন সবজি ফলানোর কর্মব্যস্ততা এবং অন্যদিকে বক পাখিদের খাবার অনুসন্ধানের এমন চমৎকার দৃশ্য নজর কাড়ে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর