নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
তামাক খাতের কোম্পানিগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একটি দাবি করা হয়ে থাকে যে, সিগারেটের ওপর কর বাড়ানো হলে দেশে অবৈধ পণ্যের বাজার বড় হতে পারে। তবে দেশের সাম্প্রতিক একটি গবেষণা থেকে ভিন্ন তথ্য উঠে এসেছে। সেখানে দেখা গেছে, যদিও অবৈধ বাজারের উপস্থিতি রয়েছে, তবুও তামাক কর বাড়ানোর বিপক্ষে এটিকে খুব সরলভাবে যুক্তি হিসেবে দাঁড় করানোর সুযোগ বেশ সীমিত। বিশেষ করে এই প্রচার সারা বছর তেমন একটা চোখে পড়ে না। ঠিক যখন জাতীয় বাজেট ঘোষণার সময় আসে এবং তামাকপণ্যের ওপর কর বাড়ানোর সরকারি উদ্যোগ নেওয়া হয়, কেবল তখনই নির্দিষ্ট কিছু গণমাধ্যমে চোরাচালান বেড়ে যাওয়ার ভয়কে অতিরঞ্জিত করে প্রচার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এস এম আব্দুল্লাহর পরিচালিত এক গবেষণায় দেশের তামাক বাজারের একটি চিত্র উঠে এসেছে। তার গবেষণা অনুযায়ী, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাজারে অবৈধ ও চোরাচালানের মাধ্যমে আসা সিগারেটের মোট পরিমাণ মাত্র ৫ দশমিক ৬ শতাংশ।
পাশাপাশি ভৌগোলিক ও বাজারভিত্তিক বাস্তবতার আরেকটি দিকও এখানে বেশ স্পষ্ট। আমাদের প্রতিবেশী দেশগুলোতে সিগারেটের খুচরা মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি। ফলে অতিরিক্ত অর্থ ব্যয় করে অন্য দেশ থেকে অবৈধ পথে বাংলাদেশে সিগারেট নিয়ে আসা অর্থনৈতিকভাবে পুরোপুরি অযৌক্তিক এবং একটি হাস্যকর বিষয় হিসেবে গণ্য হয়।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তামাক কর বাড়ানোর বিরোধী হিসেবে চোরাচালানের আশঙ্কার কথা তুলে ধরার আগে কিছু বিষয়ে সতর্কতা জরুরি। যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে এর প্রকৃত পরিধি, কোথা থেকে এগুলো আসছে এবং এর অর্থনৈতিক যৌক্তিকতা কতখানি, তা সম্পূর্ণ স্বাধীনভাবে যাচাই করে নেওয়া উচিত।
আইনগতভাবে বা নৈতিকভাবে কোনো ধরনের চোরাচালানই কখনো সমর্থনযোগ্য হতে পারে না। তবে এই বিষয়টিকে বাড়িয়ে-চাড়িয়ে প্রচার করার পেছনে যে তামাক কোম্পানিগুলোর নিজেদের সুনির্দিষ্ট বাণিজ্যিক স্বার্থ লুকিয়ে রয়েছে, তা বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়।
এ ছাড়া তামাক কর বাড়ানোর সঙ্গে অবৈধ বাজারে ঝুঁকে পড়ার সম্পর্ক নিয়ে একটি বড় নৈতিক প্রশ্ন থেকে যায়। তামাক কোম্পানিগুলোর এই যুক্তির পেছনে মূল সুর থাকে যে কর বাড়লে দাম বাড়বে এবং ভোক্তা অবৈধ সস্তা সিগারেটের দিকে ঝুঁকবে। এই বক্তব্য এক অস্বস্তিকর প্রশ্নের জন্ম দেয় যে, যে পণ্য সরাসরি মানুষের স্বাস্থ্যহানির কারণ হয়, রাষ্ট্র কেন তার প্রতি এত বেশি সংবেদনশীল আচরণ করবে।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর