নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
প্রযুক্তি জায়ান্ট গুগল সম্প্রতি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল অবমুক্ত করেছে, যা অত্যন্ত সময়সাপেক্ষ ও জটিল কার্যাবলি অত্যন্ত দ্রুততার সঙ্গে সাশ্রয়ী খরচে সম্পন্ন করতে সক্ষম। 'জেমিনাই ৪ নিওন' নামের এই নতুন এআই মডেলটি বাজারে আনার মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদান করা।
গুগল কর্র্তৃপক্ষ জানিয়েছে, এই মডেলটি কেবল সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোডিংয়ের ক্ষেত্রেই নয়, বরং তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং জটিল বৈজ্ঞানিক গবেষণার মতো বহুস্তরবিশিষ্ট কার্যক্রমগুলো অত্যন্ত সাবলীলভাবে পরিচালনা করে দ্রুত আউটপুট দিতে পারে।
পূর্ববর্তী বিভিন্ন সংস্করণের তুলনায় নতুন এই মডেলটিতে উন্নত লজিক্যাল রিজনিং বা যুক্তি বিশ্লেষণের ক্ষমতা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে কাজের কার্যকারিতা এবং ব্যয়ের দিক থেকেও এটি আগের সংস্করণগুলোকে পেছনে ফেলে বেশ ভালো অগ্রগতি অর্জন করেছে।
বিভিন্ন প্রফেশনাল ক্ষেত্রে এই মডেলটি দারুণ সক্ষমতা প্রদর্শন করেছে বলে জানিয়েছে গুগল। বিশেষ করে কোডিং, ডেটা অ্যানালাইসিস এবং গবেষণার নানা শাখায় এটি অত্যন্ত ইতিবাচক ফলাফল উপহার দিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার স্বাধীন মূল্যায়নকারী প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনডেক্সে এই নতুন মডেলটি মোট ৬১ স্কোর অর্জন করে তালিকার তৃতীয় স্থান অধিকার করেছে।
যাঁদের পেশাগত দায়িত্ব পালনের জন্য অত্যন্ত শক্তিশালী এআই মডেলের প্রয়োজন হয়, অথচ সব ক্ষেত্রে সবোচ্চ সক্ষমতার সংস্করণ ব্যবহারের বাধ্যবাধকতা থাকে না, মূলত সেই ব্যবহারকারীদের চাহিদাকে গুরুত্ব দিয়েই এটি তৈরি করা হয়েছে।
একাধিক ধাপে সম্পন্ন করতে হয় এমন সব জটিল প্রক্রিয়ায় জেমিনাই ৪ নিওন অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখেছে। গুগলের নিজস্ব গবেষণাগারে পরিচালিত অভ্যন্তরীণ পরীক্ষণেও এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গুগলের এ পর্যন্ত যতগুলো মডেল পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে এই নিওন সংস্করণে ভুল তথ্য বা হ্যালুসিনেশন তৈরির প্রবণতা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
গতি এবং পারফরম্যান্সের বিচারে এটি জেমিনাই ৪ কার্বনের চেয়ে প্রায় তিন গুণ বেশি গতিতে কাজ সম্পন্ন করতে পারে। ফলে যেকোনো পিডিএফ ডকুমেন্ট, চার্ট, অডিও এবং ভিডিও অত্যন্ত নিখুঁতভাবে পর্যালোচনা করা সম্ভব।
এই মাল্টিমিডিয়া ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে খুব দ্রুত আর্থিক মডেল, বিস্তারিত প্রতিবেদন কিংবা জটিল গবেষণাপত্র তৈরি করা এখন ব্যবহারকারীদের জন্য আরও সহজ হবে।
গুগল এআই প্রো এবং আলট্রা ক্যাটাগরির গ্রাহকগণ ধাপে ধাপে জেমিনাই অ্যাপ এবং গুগল অ্যান্টিগ্র্যাভিটির মাধ্যমেই এই নতুন মডেলটি ব্যবহারের সুবিধা ভোগ করতে পারবেন।
অন্যদিকে, সফটওয়্যার ডেভেলপার ও প্রোগ্রামাররা গুগল এআই স্টুডিও ব্যবহার করে এটি চালাতে পারবেন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীরা জেমিনাই ফর বিজনেসের মাধ্যমে এটি ব্যবহারের সুযোগ পাবেন।
তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য সুখবর নেই, কারণ জেমিনাইয়ের ফ্রি বা বিনা মূল্যের সংস্করণে এই বিশেষ মডেলটি ব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর