নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
শীতকাল কেবল শরীরকে উষ্ণ রাখার ঋতু নয়, বরং এর মাধ্যমে প্রত্যেকে নিজের পছন্দসই রুচি এবং ফ্যাশন ফুটিয়ে তোলেন। দৈনন্দিন ব্যবহারের রুটিন থেকে শুরু করে বিয়ের মতো বড় সামাজিক উৎসব কিংবা বিভিন্ন আনুষ্ঠানিকতা—সব ধরনের প্রয়োজনের কথা মাথায় রেখে ২০২৬ সালের শীতকালীন সংগ্রহ নিয়ে হাজির হয়েছে স্থানীয় পোশাকের ব্র্যান্ড টুয়েলভ ক্লোদিং। এই বিশেষ সমাহারে আধুনিক পাশ্চাত্য সংস্কৃতির নানা ডিজাইনের পাশাপাশি বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাকের বেশ বড়সড় বৈচিত্র্যময় সম্ভার রাখা হয়েছে।
শীত মানেই মূলত জ্যাকেট, সোয়েটার কিংবা হুডির উপস্থিতি। পুরুষদের এবারের শীতের আয়োজনে ডেনিম, বোম্বার, উইন্ড ব্রেকার ও কুইল্টেড জ্যাকেটের পাশাপাশি শ্যাকেট ও বিভিন্ন ধরনের ভেস্ট যুক্ত করা হয়েছে। সাধারণ টি-শার্ট বা শার্টের সঙ্গে ডেনিম জ্যাকেট ও শ্যাকেট অত্যন্ত সহজে মানিয়ে যায়, অন্যদিকে বোম্বার ও কুইল্টেড জ্যাকেট পুরো শীতের লুকে নতুন মাত্রা যোগ করে। কর্মক্ষেত্র কিংবা যেকোনো আনুষ্ঠানিক আয়োজনের জন্য বিভিন্ন ডিজাইনের কোট ও ব্লেজার রাখা হয়েছে। কোনো ডিজাইনে মিনিমাল ভাব প্রাধান্য পেয়েছে, আবার কোনোটিতে কাপড়ের কারুকাজ, বুনন ও অলংকরণে ভিন্নতা আনা হয়েছে।
প্রতিদিনের ব্যবহারের কথা মাথায় রেখে হুডি, সোয়েটশার্ট, পুলওভার, কার্ডিগান এবং বিভিন্ন ধরনের নিটওয়্যার রাখা হয়েছে। এর বাইরেও শার্ট, ওভারশার্ট, নিটেড পোলো, ট্রাউজার ও জগার যুক্ত হয়েছে এই সংগ্রহে। গ্রাফিক ডিজাইন ও প্রিন্টের কাজের পাশাপাশি একরঙা ও সরল ডিজাইনের পোশাকও রয়েছে। সাজের পরিপূরক হিসেবে টুপি এবং মাফলারও রাখা হয়েছে।
নারীদের শীতকালীন পোশাকে জ্যাকেট, শ্যাকেট, চেক জ্যাকেট এবং উইন্ডব্রেকারের পাশাপাশি নানা ধরনের অলংকরণ ও সূচিকর্ম করা জ্যাকেট রয়েছে। পোশাকের কাট, দৈর্ঘ্য ও গঠনের ভিন্নতার ওপর ভিত্তি করে নানা আউটফিট তৈরি করা হয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য কার্ডিগান, হুডি, সোয়েটশার্ট, পুলওভার, লেগিংস ও জগার রাখা হয়েছে। এছাড়াও শীতের অনুষঙ্গ হিসেবে পঞ্চো ও শাল যুক্ত হয়েছে। সাধারণ পোশাকের সঙ্গে পঞ্চো বা কার্ডিগান পরলে লুকে ভিন্নতা আসে, আবার হুডি ও জগারের মাধ্যমে অবসর সময়ের আরামদায়ক পোশাক তৈরি করা যায়।
কালার প্যালেটের ক্ষেত্রেও বেশ বৈচিত্র্য রাখা হয়েছে। নেভি, কালো, চারকোল, ইন্ডিগো, খাকি, জলপাই ও বাদামির মতো গাঢ় শেডের পাশাপাশি আইভরি, বেইজ, বারগান্ডি, মভ, গোলাপি ও লাইলাকের মতো রং রয়েছে। কাপড়ের ক্ষেত্রে কর্ডুরয়, ডেনিম, ফ্লানেল, কুইল্টেড ও নানা ধরনের নিট কাপড় ব্যবহৃত হয়েছে। রং, কাপড় ও ডিজাইনের এই সমাহার থেকে ক্রেতারা নিজেদের পছন্দমতো পোশাক বেছে নিতে পারেন।
ছোটদের শীতের পোশাকেও রয়েছে প্রচুর বিকল্প। শিশু-কিশোরদের ছেলেদের বিভাগে ডেনিম, পাফার, বোম্বার ও কুইল্টেড জ্যাকেট রাখা হয়েছে। এর সঙ্গে শ্যাকেট, সোয়েটশার্ট, পুলওভার ও বোনা পোশাক রয়েছে। মেয়েদের কালেকশনে হুডি, সোয়েটশার্ট, কার্ডিগান, বোম্বার ও কুইল্টেড জ্যাকেট রাখা হয়েছে। ছোটদের পোশাকে একরঙা কাপড়ের পাশাপাশি গ্রাফিক ডিজাইন, ছাপা ছবি ও নানা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে।
শীতকাল মানেই পারিবারিক মিলনমেলা, বিয়ে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। এসব বিশেষ উপলক্ষকে গুরুত্ব দিয়ে নারী, পুরুষ ও শিশুদের জন্য এথনিক পোশাকের আলাদা বিভাগ সাজিয়েছে টুয়েলভ। পুরুষদের জন্য রয়েছে প্রিমিয়াম পাঞ্জাবি, সাধারণ পাঞ্জাবি, দুই ও তিন পিসের সেট এবং পাঞ্জাবির সঙ্গে পরার উপযোগী ভেস্ট। কারচুপি, সূচিকর্ম ও বিভিন্ন অলংকরণে সাজানো এসব পোশাকে মেরুন, ধূসর, কালো, সবুজ ও বাদামি রঙের ব্যবহার দেখা যায়।
অন্যদিকে নারীদের জন্য থ্রি পিস, টু পিস, গাউন, এথনিক জ্যাকেট এবং শাল রাখা হয়েছে। ফুলেল প্রিন্ট, সূচিকর্ম ও নানাবিধ অলংকরণে তৈরি পোশাকগুলোতে রয়েছে ডিজাইনের বৈচিত্র্য। শালের সংগ্রহেও রয়েছে বিভিন্ন রং ও নকশা। কোথাও ঝালর ও নকশাদার পাড়, আবার কোথাও জ্যামিতিক কিংবা ফুলেল ছাপ—শীতের আনুষ্ঠানিক সাজে এই শালগুলো যোগ করবে খাঁটি ঐতিহ্যের ছোঁয়া।
পোশাক নির্বাচনের ক্ষেত্রে কেবল ডিজাইনের ওপর নির্ভর না করে ব্যবহারিক দিক ও আরামের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের সব অঞ্চলে কিংবা শীতের পুরো সময়টায় আবহাওয়া বা তাপমাত্রা সবসময় এক থাকে না। হালকা শীতে একটি সোয়েটার, কার্ডিগান বা শ্যাকেটই যথেষ্ট হতে পারে, আবার তীব্র শীত বাড়লে একাধিক লেয়ার বা জ্যাকেটের প্রয়োজন পড়ে। টুয়েলভের উইন্টার কালেকশন ২০২৬-এ ক্রেতাদের এই ভিন্ন ধরনের চাহিদার কথা ভেবেই নানা বিকল্প রাখা হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর