নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারের পাশে করতোয়া নদীর ওপর নির্মিত ছোট ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় পড়েছে। ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ায় স্থানীয়রা বাঁশ ও দড়ি দিয়ে বেঁধে কোনো রকমে যান চলাচল চালু রেখেছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির শঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের মাঝখানে প্রায় ১০ ফুট অংশের কংক্রিটের রেলিং সম্পূর্ণ ভেঙে গেছে। সেখানে একটি বাঁশ আড়াআড়িভাবে বেঁধে রাখা হয়েছে। এছাড়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হওয়ায় অটো ও ভ্যান পার হওয়ার সময় উল্টে যাওয়ার ভয় থাকে।
এই ব্রিজটি দিয়ে প্রতিদিন ভজনপুর, দেবনগর, সালবাহান, মাগুরমারিসহ অন্তত ১৫টি গ্রামের ২০ হাজারের বেশি মানুষ চলাচল করে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও কৃষকদের পণ্য পরিবহনের জন্য এটি ভজনপুর থেকে তেঁতুলিয়া সদরে যাওয়ার প্রধান সড়ক।
স্থানীয় অটোচালক রফিকুল ইসলাম বলেন, "দিনের বেলাই ভয়ে ভয়ে পার হই, রাতে তো কথাই নেই। একটু এদিক ওদিক হলেই অটোসহ নদীতে পড়ে যাব।" ভজনপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, "আমরা প্রতিদিন ভয়ে ভয়ে ব্রিজ পার হই। যদি পড়ে যাই?"
স্থানীয় ইউপি সদস্য জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কার, নতুন রেলিং নির্মাণ এবং সংযোগ সড়ক মেরামতের জন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এলজিইডি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর