নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ভারতের শীর্ষ আদালত দীপাবলি উৎসবে সবুজ বাজি ব্যবহারের ওপর সম্মতি প্রদান করেছেন। আদালত জানিয়েছে, বিগত ২০২৪ সালে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে বাজি প্রদর্শনের ওপর কঠোর বিধিনিষেধ বহাল থাকলেও বায়ুদূষণের মাত্রায় কোনো দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এর ফলে ওই নিষেধাজ্ঞার কার্যকারিতা ও সফলতা নিয়ে এক ধরণের ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিচারপতিরা এ সময় উৎসবের ভাবগাম্ভীর্য ও মানুষের মনস্তাত্ত্বিক অনুভূতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তাদের মতে, জনজীবনে কল্যাণ, শান্তি এবং আশার প্রতীক হিসেবে দীপাবলির এক গভীর সামাজিক এবং আবেগপূর্ণ তাৎপর্য রয়েছে। তবে জনস্বাস্থ্যের চরম অবনতি ঘটিয়ে বা পরিবেশের বিপর্যয় ডেকে এনে কোনো উৎসব উদযাপন করা হলে উদযাপনের মূল তাৎপর্যই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়।
ভারতের সরকারি গবেষণা প্রতিষ্ঠান সিএসআইআর-নিরি (CSIR-NEERI) পরিবেশের ক্ষতি কম করে এমন বিশেষ ধরনের সবুজ বাজি প্রস্তুত করেছে। এই উদ্ভাবনী বাজি সম্পর্কে জানা যায়, সাধারণ বাজি থেকে এটি প্রায় ত্রিশ শতাংশ কম বায়ুদূষণ ঘটিয়ে থাকে।
তৈরি প্রক্রিয়ায় ক্ষতিকর রাসায়নিক উপাদান যেমন অ্যালুমিনিয়াম ও ব্যারিয়ামের মাত্রা এতে উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে। সেই সঙ্গে ধোঁয়া এবং ধূলিকণা নিয়ন্ত্রণে বিশেষ কিছু উপাদান সংযুক্ত থাকায় এটি কম শব্দ উৎপন্ন করে এবং তুলনামূলক কম সময় ধরে আলো ছড়ায়।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর