নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
স্বর্ণ ব্যবসায়ী তোফাজ্জল হোসেন রাজাকে ভুয়া রাজনৈতিক পরিচয় দিয়ে একটি রাজনৈতিক মামলায় ফাঁসানো হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে তাঁর পরিবার। জসিম উদ্দিন নামের এক আত্মীয় জানিয়েছেন, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের মূল কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে কিরাটন অঞ্চলের তোফাজ্জল হোসেন নামের সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তির নাম রয়েছে। কিন্তু পরবর্তীতে ওই কমিটির দাপ্তরিক প্যাড জালিয়াতি ও সম্পাদনা করে সেখানে তাঁর ভাতিজা তোফাজ্জল হোসেন রাজার নাম ও সঠিক ঠিকানা বসিয়ে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মূল অনুমোদিত তালিকা এবং বর্তমানে তাঁদের সংগ্রহে থাকা কমিটির প্যাডের বর্ণনায় নামের স্পষ্ট গরমিল দেখতে পাওয়া যায় বলে জোরালো দাবি করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মূলত এই সাজানো ও ভুয়া প্যাডের মাধ্যমেই রাজাকে ছাত্রসংগঠনের প্রভাবশালী নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। পরবর্তী সময়ে সুপরিকল্পিতভাবে সেই রাজনৈতিক তকমা ও পরিচয়কে পুঁজি করেই তাঁকে একটি হয়রানিমূলক মামলায় আসামি করা হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর দিবাগত গভীর রাতে অর্থাৎ ভোর সাড়ে তিনটার দিকে মিঠামইন থানার পুলিশ কাটখাল এলাকা থেকে রাজাকে আটক করে। উল্লেখ্য যে, আলোচিত এই মামলাটি মূলত ২০২৪ সালের ১৭ আগস্ট তারিখে থানায় রেকর্ডভুক্ত করা হয়েছিল। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের পক্ষ থেকে আদালতে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তাতে রাজাকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং করিমগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর