বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটি হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সফরের বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বরিশাল সফর চূড়ান্ত হলেও জনসভার স্থান, সময়সূচি ও অন্যান্য প্রটোকল এখনো নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের বৈঠকে সফরের সার্বিক রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা, মহানগর এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ ও তৃণমূল নেতাদের সঙ্গে পৃথক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে নতুন আশার কথা বলছেন স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, দীর্ঘদিনের অপেক্ষায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে এ সফর ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, পায়রা বন্দরকে কুয়াকাটা সমুদ্রসৈকতের সঙ্গে আধুনিক সড়ক যোগাযোগে যুক্ত করার পরিকল্পনাসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগে গতি আসবে বলে তারা আশা করছেন।
সফরের প্রস্তুতি সম্পর্কে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন,
“আমরা দলীয়ভাবে জানতে পেরেছি যে আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বরিশালে আসছেন। তার এই সফরকে সফল করতে মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুধবার (৮ জুলাই) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর