নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এলেও সরকার কোনো ধরনের চাপের মুখে নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সংবাদমাধ্যমকে জানান, সাবেক এই সরকারপ্রধানের সুনির্দিষ্টভাবে কবে নাগাদ দেশে আসার পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।
তবে আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তিনি চাইলে নিজ দেশে ফিরে আসতে পারেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান যে, এই প্রত্যর্পণের বিষয়ে ভারতের সরকারের কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময় স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক সতর্কাবস্থান গ্রহণ করাটা সরকারের রুটিন বা নিয়মিত কাজেরই একটি অংশ বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানা অপকর্ম ও অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
পাশাপাশি, বিগত দিনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রমও বর্তমানে আইন অনুযায়ী এগিয়ে চলছে বলে তিনি নিশ্চিত করেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর