ঢাকা | বঙ্গাব্দ

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের…

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের… ছবির ক্যাপশন:
ad728

সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশের তথ্য অনুযায়ী, ধানবোঝাই ট্রাকটি চিনোর দিক থেকে আসছিল। মন্দিরে যাওয়ার পথে খাড়া ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা ওই সড়কে ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে তীর্থযাত্রীদের ওপর উঠে যায়। পরে মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা লাগে।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং বলেন, শীতলা মাতা মন্দিরে বিপুলসংখ্যক তীর্থযাত্রী যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে ধানবোঝাই ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে নিচে নেমে আসে। এ সময় সড়কে থাকা তীর্থযাত্রীরা ট্রাকটির নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন পাঠানো হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ২৯ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর ছিল।

অন্যদিকে, পুলিশ সুপার এর আগে জানিয়েছিলেন, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন এবং বাকিরা তুলনামূলক কম আঘাত পেয়েছেন। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে বলে জানা যায়।

জেলা প্রশাসক বলেন, নবরাত্রি উপলক্ষে ওই সড়কে যানবাহন নিয়ন্ত্রণে প্রতিবন্ধক ও পুলিশের তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছিল। এরপরও ট্রাকটি কীভাবে ব্যারিকেড পার হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না এবং কী কারণে সেটি বাঁ দিকে ঘুরে নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখতে আঞ্চলিক পরিবহন দপ্তরের (আরটিও) একটি দল পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিয়মিত সিটি স্ক্যান ও এক্স-রে করা হচ্ছে বলেও জানান তিনি।

দুর্ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কয়েকটি দোকান ও মানুষের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের একজন তার ভাই বলেও জানান তিনি। দুর্ঘটনার পরও ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছিল বলে উল্লেখ করেন ওই প্রত্যক্ষদর্শী।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোদি-জিনপিং বৈঠকে সীমান্ত, বাণিজ্যসহ যেসব বিষয়ে আলোচনা

মোদি-জিনপিং বৈঠকে সীমান্ত, বাণিজ্যসহ যেসব বিষয়ে আলোচনা