পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যজুড়ে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন এলাকায় সংঘর্ষ, হামলা ও ভয়ভীতির ঘটনায় ২০০টির বেশি এফআইআর দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৪৩৩ জনকে এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে আরও প্রায় ১ হাজার ১০০ জনকে।
পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন এলাকায় সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। প্রতিপক্ষকে হুমকি, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও এসেছে।
তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনা নান্নুরে এবং অন্যটি নিউ টাউনে ঘটেছে। হত্যাকাণ্ড দুটির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের।
কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, কলকাতা পুলিশের আওতাধীন এলাকা থেকে এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জন সুনির্দিষ্ট মামলায় এবং ১৫ জনকে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থার অংশ হিসেবে আটক করা হয়েছে।
এদিকে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর