নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
গত ৪ অক্টোবর ভিয়েতনামের হ্যানয় শহরে আনুষ্ঠানিকভাবে ১৯তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছিল। বৈশ্বিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে পাঁচ শতাধিক প্রতিযোগী ও প্রতিনিধি অংশ নেন।
তাত্ত্বিক জটিল সমস্যার সমাধান, উপাত্ত বা ডেটা বিশ্লেষণ এবং মহাকাশ পর্যবেক্ষণনির্ভর নানা পরীক্ষার মাধ্যমে প্রতিযোগীদের মেধা ও দক্ষতার মূল্যায়ন করা হয়। এই বৈশ্বিক আসরে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে একটি ব্রোঞ্জপদক নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল।
পদক অর্জনের পাশাপাশি বাংলাদেশের তরুণ প্রতিযোগীরা সম্মানজনক স্বীকৃতিও লাভ করেছে। এছাড়া আরও একটি বড় অর্জন হলো, দলগত প্রতিযোগিতায় বাংলাদেশ দল টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশ দলের কনিষ্ঠতম প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে আরাশ জুহাইর উদয় দেশের হয়ে একমাত্র ব্রোঞ্জ পদকটি অর্জন করেছে। অন্যদিকে, দলের আরেক মেধাবী সদস্য মো. তালহা জুবায়ের তার অসাধারণ অবদানের জন্য সম্মানসূচক স্বীকৃতি লাভ করেছে।
দলগত লড়াইয়ে বাংলাদেশের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জুনায়েদ লাবিব আল ওয়াসী। এ ছাড়া প্রতিযোগিতায় দলের মূল স্কোয়াডের সদস্য হিসেবে নিজেদের দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছে সাজিদ আমান ও মো. রাদিত রাইয়ান।
সমগ্র প্রতিযোগিতায় বাংলাদেশ দলের দলনেতার গুরুদায়িত্ব সফলভাবে পালন করেছেন ফাহিম রাজিত হোসেন ও অর্ণব চৌধুরী। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের এই মিলনমেলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উদীয়মান শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতা অত্যন্ত জোরালোভাবে প্রতিফলিত হয়েছে।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর