ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ, নাতি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ, নাতি আটক ছবির ক্যাপশন: ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ, নাতি আটক
ad728

ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নাতির বিরুদ্ধে। গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নিহত আয়েশা খাতুন (৭০) ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। এ ঘটনায় আটক জসিম উদ্দিন (৩৫) তার নাতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা খাতুনের একমাত্র ছেলের সন্তান জসিম ছোটবেলা থেকেই দাদির কাছে বড় হন। পরে তিনি বিয়ে করে আলাদা বাড়ি তৈরি করেন এবং দুই সন্তানের জনক হন।

স্থানীয়রা জানান, আয়েশা খাতুনের নামে বেশ কিছু জমি রয়েছে, যার কিছু অংশ জসিম চাষাবাদ করতেন। সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে জসিমের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে পারিবারিক অস্থিরতা আরও বাড়ে। এরপর দাদির জমি নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছায়।

পুলিশ জানায়, জমি লিখে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে দাদি-নাতির মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, দাদির ভাইয়ের পরিবারের সম্ভাব্য অংশীদারিত্ব নিয়েও সন্দেহ থেকে জসিম চাপ সৃষ্টি করছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে কথা-কাটাকাটির এক পর্যায়ে জসিম দা দিয়ে আয়েশা খাতুনকে আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। একই সঙ্গে অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করা হয়।

ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স