বগুড়ার ধুনটে চুরির অভিযোগে তাঁতী লীগ নেতা ও ইউপি সদস্যকে আটকের পর গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (০৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া-মুরাগাছা গ্রামে গরু চুরির চেষ্টাকালে ধরা পড়েন ওই নেতা।
কারাগারে যাওয়া ডাবলু প্রামাণিক (৪৫) উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।
জানা গেছে, মঙ্গলবার রাতে গজারিয়া-মুরাগাছা গ্রামে গরু চুরি করতে গেলে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে ধুনট থানায় সোপর্দ করা হয়। বুধবার দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার আসামি হিসেবে ডাবলু প্রামাণিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর