নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবি পেশ করেছেন। তাঁর ভাষ্যমতে, রাজ্যটির ভোটার তালিকা থেকে প্রায় এক কোটি সাতাশ লাখ হিন্দু ভোটারের নাম কর্তন করা হয়েছে। এই পরিস্থিতিকে তিনি অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মনে করছেন।
মুখ্যমন্ত্রী বিশদভাবে জানান যে, স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় যাদের নাম বহাল রয়েছে, বিধানসভা এলাকার ভোটার তালিকায় তাদের মধ্যে প্রায় ৬৬ লাখ মানুষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।
সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়মিত ভোগ করছেন—এমন প্রায় ৫৫ লাখ নিবন্ধিত নাগরিকের নামও এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি জোরালো দাবি করেন।
তালিকাবর্হিভূতদের তালিকায় রয়েছে নতুন ভোটাররাও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, ১৮ থেকে ১৯ বছর বয়সী তরুণ সমাজের মধ্য থেকে অন্তত সাড়ে চার লাখ নতুন ভোটারের নাম তালিকাভুক্তির বাইরে রাখা হয়েছে।
পূর্বের একটি পরিসংখ্যান তুলে ধরে যোগী জানান যে, বিগত সংশোধন কার্যক্রমে পুরো রাজ্যজুড়ে মাত্র চার লাখ নতুন ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছিল। বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করে তিনি এই ঘটনাকে অত্যন্ত হতাশাজনক হিসেবে আখ্যায়িত করেছেন।
উদ্ভূত এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকার প্রতিটি হিন্দু ভোটারের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করতে হবে। এর জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য, বিধায়ক এবং বুথ স্তরের কর্মকর্তাদের (বিএলও) একসাথে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।
এছাড়া কেবল নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি তিনি। এই সংশোধন কার্যক্রমের সামগ্রিক অগ্রগতি নিয়মিত বিরতিতে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশ প্রদান করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর