নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ‘আদার ন্যারেটিভ’ বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দেলুপি’। আন্তর্জাতিক অঙ্গনে এটি এই সিনেমার দ্বিতীয় বড় স্বীকৃতি হিসেবে এসেছে এবং এখন পর্যন্ত বিদেশের মাটিতে মোট ১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত বা অংশ নিয়েছে নির্মাণটি। এর আগে উত্তর আমেরিকার স্বনামধন্য তাসভীর চলচ্চিত্র উৎসবে এই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন অভিনেতা চিরনজিৎ বিশ্বাস। গত বছর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রশংসিত এই চলচ্চিত্রটি।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের চারপাশের বাস্তবতা এবং মানবীয় সম্পর্কের নানা টানাপোড়েনের গল্প ফুটিয়ে তুলেছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তার এই পরিচালনায় অত্যন্ত নিখুঁতভাবে উঠে এসেছে রাজনীতি, মানুষের মধ্যকার ভালোবাসা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা, গ্রামীণ যাত্রাশিল্পীদের জীবনসংগ্রাম এবং মানুষের ভাগ্য ও জীবন বদলানোর নানা দিক।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিনেমার কোনো পেশাদার বা বাইরে থেকে আনা শিল্পী নেই, এর সব অভিনয়শিল্পীই খুলনার স্থানীয় বাসিন্দা। এর আগে মোহাম্মদ তাওকীর ইসলাম ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নামের দুটি প্রশংসিত সিরিজ নির্মাণ করে দর্শকের পাশাপাশি সমালোচকদেরও নজর কেড়েছিলেন এবং ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর