নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার লিখিত ধাপে কাক্সিক্ষত ও সর্বোচ্চ নম্বর নিশ্চিত করার জন্য পরীক্ষার্থীদের কিছু কৌশল ও নিয়ম মেনে চলতে হবে। সাধারণ বিষয়ের উত্তর প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র সংক্ষিপ্ত বাক্য বা তথ্য দিয়ে শেষ না করে, বিষয়টির চাহিদা অনুযায়ী কিছুটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। অনুচ্ছেদের মতো গদ্য আকারে না লিখে পয়েন্ট আকারে বা ধাপে ধাপে সাজিয়ে উত্তরগুলো উপস্থাপন করলে পরীক্ষকদের নজর কাড়তে সুবিধা হয়।
উত্তরপত্রের পাতার আকর্ষণ বাড়াতে এবং মূল বিষয়গুলো ফুটিয়ে তুলতে প্রতিটি পৃষ্ঠায় অন্তত একটি গুরুত্বপূর্ণ তথ্য বা বিশেষ শব্দ নীল কালির কলম দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। এই কৌশলটি সফলভাবে প্রয়োগ করতে হলে পরীক্ষার্থীকে পরীক্ষার আগের প্রস্তুতি হিসেবেই বিষয়ভিত্তিক দরকারি তথ্যগুলো সংগ্রহ করে রাখতে হবে।
লিখিত পরীক্ষার সময় বাংলা ও ইংরেজি বিষয়ের রচনা, বাংলাদেশ বিষয়াবলি এবং আন্তর্জাতিক বিষয়ের উত্তর লেখার ক্ষেত্রে প্রাসঙ্গিক গ্রাফ, বিভিন্ন ধরনের লেখচিত্র বা ম্যাপ বা মানচিত্র ব্যবহার করা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। পরীক্ষার্থীদের জন্য পরামর্শ হলো, বাংলা ও ইংরেজি রচনার অংশটি যেন কমপক্ষে ১০ পৃষ্ঠা পর্যন্ত দীর্ঘ হয় সেই চেষ্টা রাখা উচিত।
অন্যান্য আইটেম যেমন প্যারাগ্রাফ, বিভিন্ন ধরনের প্রতিবেদন এবং ভাবসম্প্রসারণের মতো বিষয়গুলো অন্তত তিন পৃষ্ঠার বেশি পরিসরে লেখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ। তবে প্রশ্নপত্রে থাকা ব্যাকরণ ও ইংরেজি গ্রামারের নির্দিষ্ট অংশগুলোর ক্ষেত্রে শুধু সঠিক উত্তরটি লিখে দিলেই সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে, এর জন্য পুরো প্রশ্ন পুনরায় খাতায় তোলার কোনো প্রয়োজন নেই।
প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথম কাজ হবে অত্যন্ত মনোযোগ ও ধৈর্যের সঙ্গে পুরো প্রশ্নটি পড়ে নেওয়া এবং এর প্রতিটি অংশ ভালোভাবে বুঝে নেওয়া। এরপর নিজের অর্জিত প্রস্তুতি এবং লেখার দক্ষতা বিচার-বিশ্লেষণ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে কোন প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়া হবে তা নির্বাচন করতে হবে।
প্রশ্ন নির্বাচনের সময় বিচক্ষণতা জরুরি, কারণ একবার একটি প্রশ্ন লেখা শুরু করার পর তা মাঝপথে ছেড়ে দিয়ে অন্য প্রশ্নে চলে গেলে সময়ের হিসাব ও ব্যবস্থাপন মেলানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। তাই সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
পরীক্ষায় সাফল্য পেতে হলে প্রতিটি প্রশ্নকে সমান মাত্রায় গুরুত্ব দেওয়া আবশ্যক এবং কোনো প্রশ্নকেই অবহেলা করা যাবে না। প্রতিটি উত্তরের মান এমনভাবে বজায় রাখতে হবে যেন অন্য সাধারণ পরীক্ষার্থীদের খাতার তুলনায় অন্তত আধা নম্বর থেকে এক নম্বর বেশি অর্জন করা সম্ভব হয়।
প্রতিটি প্রশ্নের উত্তরে এভাবে সামান্য কিছু বাড়তি নম্বর অর্জনের ধারাবাহিক চেষ্টাই শেষ পর্যন্ত চূড়ান্ত ফলাফল বা সাফল্যের বড় ব্যবধান গড়ে দিতে পারে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর