নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই নারী মূলত ভবঘুরে ও ভাসমান জীবনযাপন করতেন। তিনি ফ্লাইওভারের মৌচাক মোড় অংশের একটি পিলারের বিমের ভেতরের সুড়ঙ্গে ঘুমাচ্ছিলেন।
গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে ফ্লাইওভারের দ্বিতীয় তলার পিলারের পূর্ব পাশের বিমের ওপর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় মরদেহটি অর্ধগলিত ও শরীরে পোকা ধরা অবস্থায় ছিল এবং হাত-পা বাঁকানো ছিল।
স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে ওই নারী সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করছিলেন। এমনকি তিনি নিয়মিতভাবেই ফ্লাইওভারের বিমের ওপর রাতে ঘুমাতেন বলে জানান স্থানীয়রা।
প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কোনো কারণে ওই নারীর মৃত্যু ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ইতিমধ্যে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করার উদ্দেশ্যে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর