নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সুইজারল্যান্ডের মাটিতে আজ ২০২৬-২৭ সেশনের উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র সম্পন্ন হয়েছে। এবারের শেষ আটের সবচেয়ে আকর্ষণীয় ও বড় লড়াই হিসেবে নির্ধারিত হয়েছে ফ্রান্স ও স্পেনের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি।
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের বাকি তিনটি ম্যাচও সমান রোমাঞ্চকর হবে। নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড, নেদারল্যান্ডস লড়বে পর্তুগালের বিপক্ষে এবং জার্মানিকে লড়তে হবে বেলজিয়ামের বিরুদ্ধে।
নির্ধারিত সূচি অনুযায়ী এই পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগে। কোন দল কোথায় প্রথম ম্যাচ খেলবে, তা ড্রয়ের মাধ্যমেই পরিষ্কার করা হয়েছে।
স্পেন ও ফ্রান্সের মধ্যকার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে স্পেনের মাঠে। একইভাবে নরওয়ে বনাম ইংল্যান্ড ম্যাচের প্রথম লেগ নরওয়েতে এবং নেদারল্যান্ডস বনাম পর্তুগাল লড়াইয়ের প্রথম লেগ ডাচদের মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া বেলজিয়াম ও জার্মানি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ আয়োজিত হবে বেলজিয়ামে, যার অর্থ দাঁড়ায় ড্রয়ের তালিকায় যে দলের নাম প্রথমে রয়েছে, তাদের হোম ভেন্যুতেই প্রথম লেগ মাঠে গড়াবে।
এমনভাবে এই লাইনআপ সাজানো হয়েছে যাতে নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো দ্বিতীয় ও শেষ লেগ নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পায়। ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্ব অর্জন করে ফ্রান্স শেষ আটে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে ইংল্যান্ড ‘সি’ গ্রুপ এবং পর্তুগাল ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এছাড়া জার্মানি ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নেশনস লিগের শেষ আটে পা রেখেছে।
গ্রুপ রানারআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া দলগুলো হলো স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও নরওয়ে। ‘এ’ গ্রুপের রানারআপ হিসেবে শেষ আটে এসেছে বেলজিয়াম।
এ ছাড়া স্পেন ‘সি’ গ্রুপ এবং নরওয়ে ‘ডি’ গ্রুপে রানারআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। নেদারল্যান্ডস ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নেশনস লিগের এই পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে দুই গোলে হেরে বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে, যারা পরবর্তীতে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল। এছাড়া ফ্রান্সকে পরাজিত করে ইংল্যান্ড হয়েছিল চতুর্থ।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর