ঢাকা | বঙ্গাব্দ

দেড় ট্রলিয়ন ডলারের অ্যানথ্রোপিক আইপিও ও বিনিয়োগ ঝুঁকি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
দেড় ট্রলিয়ন ডলারের অ্যানথ্রোপিক আইপিও ও বিনিয়োগ ঝুঁকি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার অবস্থার মাঝে শেয়ারবাজারে অ্যানথ্রোপিকের আত্মপ্রকাশ বিশ্বব্যাপী নতুন পঞ্জিকা ও আলোচনার সূত্রপাত ঘটিয়েছে। এই বাণিজ্যিক অর্জন কি সত্যিই সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, নাকি এটি ভবিষ্যৎ নিয়ে কেবলই মাত্রাতিরিক্ত আশাবাদের আরেকটি ফানুস মাত্র?

ক্লড নামক বহুল আলোচিত এআই চ্যাটবটের উদ্ভাবক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০২১ সালে। পরবর্তীতে চলতি বছর অর্থাৎ ১৮ নভেম্বর কোম্পানিটির আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবে প্রতিটি শেয়ারের মূল্য ৮৩ ডলার নির্ধারিত হয়, যা নির্ধারিত প্রাথমিক সীমার চেয়েও বেশি ছিল। এরপর ১৯ নভেম্বর নাসডাক এক্সচেঞ্জে 'এএনটি' প্রতীক নিয়ে এর আনুষ্ঠানিক লেনদেন শুরু হয় এবং এই আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৮১ বিলিয়ন বা ৮ হাজার ১০০ কোটি মার্কিন ডলার তুলতে সমর্থ হয়। বাজারে তাদের শেয়ারের এই মূল্যায়ন বিবেচনায় নিলে পুরো কোম্পানির বাজার মূলধন গিয়ে ঠেকে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন বা দেড় লাখ কোটি ডলারে।

এই বিশাল পরিমাণ সম্পদ মূল্য ও মূল্যায়নের পেছনে মূলত রয়েছে প্রতিষ্ঠানটির বাস্তবভিত্তিক ব্যবসায়িক কর্মকাণ্ড। চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবে কোম্পানিটি ৩৩ দশমিক ২ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে, যার মধ্যে শুধু তৃতীয় প্রান্তিক থেকেই এসেছে প্রায় ১৭ বিলিয়ন ডলার। তাছাড়া অক্টোবর মাসের শেষ নাগাদ তাদের বার্ষিকীকৃত রাজস্বের পরিমাণ ৮১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এর মাধ্যমে এটি স্পষ্ট যে ক্লড কেবল একটি জনপ্রিয় চ্যাটবট হিসেবেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, সফটওয়্যার প্রস্তুতকরণ ও বিভিন্ন ডেটা বিশ্লেষণে এটি ব্যাপকভাবে ব্যবহার করছে।

তবে ব্যবসায়িক আয়ের এই দ্রুত ঊর্ধ্বগতি মানেই যে নিশ্চিত মুনাফা, বিষয়টি এমন নয়। বিপুল পরিমাণ অর্থ আয় করা সত্ত্বেও কোম্পানিটিকে শেষ পর্যন্ত লোকসানের মুখ দেখতে হচ্ছে। চলতি বছরের প্রথম নয় মাসে তাদের নিট লোকসানের পরিমাণ দেখানো হয়েছে ১০৪ বিলিয়ন ডলার। এর মধ্যে আবার ৯৪ দশমিক ৩ বিলিয়ন ডলার এসেছে রূপান্তরযোগ্য বিভিন্ন ঋণ এবং আনুষঙ্গিক আর্থিক চুক্তির হিসাবভিত্তিক মূল্যবৃদ্ধির কারণে। যদিও এই অঙ্কটি সরাসরি কোনো নগদ অর্থের সমপরিমাণ ক্ষতি নির্দেশ করে না, তবুও ব্যবসাটি সামগ্রিকভাবে এখনও পরিচালন লোকসানের মাঝেই রয়েছে। কারণ হিসেবে দেখা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সচল রাখতে প্রতিষ্ঠানটিকে প্রচুর পরিমাণে কম্পিউটিং সক্ষমতা ও হার্ডওয়্যার ক্রয় করতে হচ্ছে।

সবকিছুর পরেও সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এর ভবিষ্যৎ আর্থিক ব্যয়। কম্পিউটিং এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য অ্যানথ্রোপিকের বর্তমানে চুক্তিবদ্ধ ব্যয়ের পরিমাণ প্রায় ৯০১ বিলিয়ন ডলার। যদিও এই বিশাল অংকের পুরো অর্থ একবারে পরিশোধ করতে হবে না, তবুও এর প্রায় ৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার আগামী ১২ মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। তাই এত বড় আর্থিক প্রতিশ্রুতি বাস্তবে রূপায়ন করতে হলে কোম্পানির আয়, নগদ অর্থের প্রবাহ এবং প্রযুক্তির চাহিদা—এই তিনটি বিষয়ই পুরোপুরি প্রত্যাশা অনুযায়ী সচল থাকতে হবে।

এই ব্যবসায়িক যাত্রায় অ্যামাজন এবং গুগল যৌথভাবে একই সঙ্গে বিনিয়োগকারী এবং অবকাঠামো সরবরাহকারী হিসেবে যুক্ত রয়েছে। এই ধরনের দ্বৈত সম্পর্ক ভবিষ্যতে যেকোনো সময় স্বার্থের গুরুতর সংঘাত তৈরি করতে পারে। এর পাশাপাশি আরও একটি বড় ঝুঁকি লুকিয়ে রয়েছে করপোরেট নিয়ন্ত্রণের জায়গাটায়। প্রতিষ্ঠানের সাতজন প্রতিষ্ঠাতা নিয়ন্ত্রিত বিশেষ শেয়ারের মাধ্যমে মোট ৫০ দশমিক ১ শতাংশ ভোটাধিকার ধরে রেখেছেন। ফলে সাধারণ সাধারণ বিনিয়োগকারীরা বাজার থেকে শেয়ার কিনলেও কোম্পানির যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের প্রভাব অত্যন্ত সীমিত থেকে যায়। এই সমস্ত বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে অ্যানথ্রোপিকের শেয়ারে অর্থলগ্নির পূর্বে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন খতিয়ে দেখা দরকার। প্রথমত, কোম্পানির রাজস্ব আয়ের পাশাপাশি নগদ অর্থের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে কি না; দ্বিতীয়ত, এই বিশাল অবকাঠামোগত ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত আয় আসছে কি না; এবং তৃতীয়ত, কোম্পানির সামগ্রিক পরিচালনায় সঠিক জবাবদিহি কতটা নিশ্চিত করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিঃসন্দেহে আগামী দিনের পৃথিবীকে পুরোপুরি বদলে দেবে। কিন্তু প্রযুক্তিগত এই জয় মানেই যে শেয়ারবাজারে প্রতিটি বিনিয়োগকারীর জয় হবে, এমন কোনো কথা নেই। স্মরণ করা যেতে পারে ডটকম বুমের সেই সময়টার কথা, যখন ইন্টারনেট শেষ পর্যন্ত টিকে থাকলেও সব বিনিয়োগকারী কিন্তু লাভবান হতে পারেননি। ফলে বর্তমানের অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই সূক্ষ্ম পার্থক্যটি বিনিয়োগকারীদের গভীরভাবে মাথায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করেন ফাইন্যান্সিয়াল এক্সিলেন্সের লিড পার্টনার এবং অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ?

৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ?