নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সেঞ্চুরি পূর্ণ করার পর আরও বেশি আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালাতে শুরু করেন প্রোটিয়া ওপেনার অ্যাকারমান। ইনিংসের ৩৬তম ওভারে বোলিংয়ে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে বেদধক পিটিয়ে সেই এক ওভার থেকেই একাই ২০ রান তুলে নেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার। ওই ওভারে দুটি চার এবং দুটি ছক্কার মার উপহার দেন তিনি।
একদিকে অ্যাকারমান সাবলীল ও অনবদ্য ব্যাটিং করলেও, অপর প্রান্তে ব্যাটার জর্জিকে সাজঘরে ফেরানোর মোক্ষম একটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ম্যাচের ৪১তম ওভারের পঞ্চম বলটি জর্জির ব্যাটের কানায় লেগে উফড়ে আকাশে ভেসে ওঠে। ফিল্ডার ডাইভ দিয়ে বলটি লুফে নেওয়ার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তার নাগাল পাননি।
যদি সেই ক্যাচটি তালুবন্দী করতে পারতেন তাসকিন আহমেদ, তবে ১৯৯ রানের মাথাতেই তৃতীয় উইকেটের পতন ঘটত দক্ষিণ আফ্রিকার। সে সময় ব্যক্তিগত মাত্র ৭ রানে জীবন পান জর্জি। তবে জর্জি বেঁচে গেলেও শেষ পর্যন্ত অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি অ্যাকারমান, তিনি ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন।
ম্যাচের ৪৪তম ওভারের দ্বিতীয় বলটিতে পেসার শরীফুল ইসলামকে চার হাঁকিয়ে নিজের দেড়শ রান পূর্ণ করেন অ্যাকারমান। তবে ঠিক তার পরের বলেই এই বাঁহাতি পেসারের নিখুঁত ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার আউট দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন এই প্রোটিয়া ব্যাটার।
তবে রিভিউ নিয়েও শেষ পর্যন্ত রক্ষা হয়নি অ্যাকারমানের। সাজঘরে ফেরার আগে তিনি ১৩৮ বল মোকাবিলা করে ২৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মোট ১৫০ রান সংগ্রহ করেন। তার এই দুর্দান্ত বিদায়ের ফলে ভেঙে যায় তৃতীয় উইকেটে গড়া জর্জি ও অ্যাকারমানের ৭৮ বল স্থায়ী ৭৪ রানের একটি জুটি।
দলীয় ২১৯ রানের মাথায় তৃতীয় উইকেটের পতনের পর উইকেটে আসেন ম্যাথু ব্রিটজকে। নির্ধারিত ৪৬ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২২৮ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। সে সময় ব্রিটজকে ব্যক্তিগত ২ রানে অপরাজিত ছিলেন এবং জর্জি ৯ রান নিয়ে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর