নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রকৃতির হলেও বর্তমান আইনে এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই বলে জানিয়েছেন বিশ্লেষকরা। নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর করণীয়, তাদের ভূমিকার পরিধি কিংবা দলগুলোর অংশগ্রহণের মাত্রা সম্পর্কেও আইনে কোনো স্পষ্ট বিধান রাখা হয়নি।
আইনগত এই ঘাটতি ও দুর্বলতার কারণে নির্বাচনী প্রচারণায় কারা অংশ নিতে পারবেন আর কারা পারবেন না, কেবল আচরণবিধিতে তার কিছু নির্দেশনা রয়েছে। এমনকি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া বা সমর্থন জানানোর মতো বিষয়েও প্রচলিত আইনে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই।
আইনের এমন ফাঁকফোকরের সুযোগ নিয়ে নির্দলীয় এই স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের একক প্রার্থী নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তৃণমূল পর্যায়ে জোর প্রস্তুতি চালিয়ে দলটিগুলো এই কৌশল বাস্তবায়ন করছে।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামায়াতে ইসলামী দেশের অধিকাংশ ইউনিয়ন পরিষদে তাদের একক প্রার্থী চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) স্থানীয় এই নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা নিয়ে এগোচ্ছে।
অন্যদিকে প্রতিটি ইউনিয়ন পরিষদে বিএনপির একাধিক নেতাকর্মী প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করলেও দলটির কেন্দ্রীয় হাইকমান্ড থেকে একক প্রার্থীর পক্ষে সর্বাত্মক জোর দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ কোন্দল এড়াতে ও শক্তি বাড়াতে কেন্দ্র থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরাসরি প্রার্থী দেওয়া কিংবা আনুষ্ঠানিক সমর্থন জানানোর কোনো সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
নির্বাচন কমিশনের প্রতি নিজের মতামত তুলে ধরে তিনি পরামর্শ দিয়েছেন যে, কমিশনের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে তাদের প্রার্থী মনোনয়ন ও সমর্থন দেওয়া থেকে বিরত থাকার বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া এবং দলগুলোকে এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে বাধ্য করা।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর