ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। রবিবার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যম ক্রিকবাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন। এছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সোবহানা মোস্তারিকে।

এর আগেই ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছিল, জ্যোতির জায়গায় টি-টোয়েন্টির নেতৃত্বের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন নাহিদা। এশিয়ান গেমসের পর ব্যাটিংয়ে মনোযোগ দিতে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জ্যোতি।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমরা নির্বাচন প্যানেলের সদস্য ও অন্যদের সঙ্গে বৈঠক করে নাহিদার হাতে টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২২ সালে জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই সহ-অধিনায়কের ভূমিকায় ছিলেন নাহিদা। রফিকুল মনে করেন, দলের দায়িত্ব তুলে দেওয়ার এটাই উপযুক্ত সময়।

তিনি বলেন, নাহিদা দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে ছিলেন। আমাদের মনে হয়েছে, আমাদের টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার এটিই সঠিক সময়।

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন জ্যোতি, যেমনটা সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ছিলেন। জ্যোতির এই সিদ্ধান্তে বিসিবি কিছুটা চমকে গেলেও, জানা গেছে যে সাম্প্রতিক সময়ে বোর্ডের আচরণে বেশ হতাশ ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি’। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই মিশন শুরু করবে টাইগ্রেসরা।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত

খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত